• আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আলোর উৎসবে মাতল মিলেনিয়াম পার্ক-প্রিন্সেপ ঘাট
    দৈনিক স্টেটসম্যান | ২১ জুন ২০২৬
  • আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রাক্কালে প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক চত্বর যেন এক অনন্য উৎসবের আবহে সেজে উঠেছিল। মনোমুগ্ধকর আলোকসজ্জায় সজ্জিত গোটা এলাকার সৌন্দর্য ছিল আজকের অন্যতম বিশেষ আকর্ষণ। তবে এদিনের প্রধান আকর্ষণ ছিল রাতের আকাশে ৩,০০০ ড্রোনের চোখধাঁধানো প্রদর্শনী। রাত ৮টা থেকে শুরু হওয়া এই ড্রোন শো-তে প্রাচীন যোগব্যায়ামের বিভিন্ন আসন থেকে শুরু করে আধুনিক সুস্থতা ও ফিটনেসের নানা প্রতীক কলকাতার আকাশে অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়।

    শনিবার সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে ছিল উপচে পড়া ভিড়। শিশু থেকে প্রবীণ—৮ থেকে ৮০, সকলেই উপভোগ করেন এই বিশেষ আয়োজন। আলোর চাদরে মোড়া পার্কের প্রতিটি কোণ যেন উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

    খাদ্যরসিকদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। পার্ক চত্বরে বসেছিল একাধিক ফুড স্টল, যেখানে ভিড় জমিয়েছিলেন ভোজনপ্রিয় বাঙালিরা। এদিনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ছিল ঝালমুড়ি। এক বিক্রেতার দাবি, অন্যান্য দিনের তুলনায় ঝালমুড়ির বিক্রি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই জনপ্রিয় বাঙালি খাদ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে।

    শুধু আলোকসজ্জা বা খাদ্য নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিনের আকর্ষণ বাড়িয়েছিল বহুগুণ। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য, মৃদঙ্গের বাদন এবং সময়ের স্রোতে হারিয়ে যেতে বসা নানা লোকবাদ্যের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বাংলার বিভিন্ন জেলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখা যায় পুরো অনুষ্ঠানে। সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাট চত্বরে আলোকসজ্জা, ড্রোন শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং খাদ্য উৎসবের সমন্বয়ে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল কলকাতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)