আবাসিক স্কুলের হস্টেলে মরমান্তিক পরিণতি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
News18 বাংলা | ২১ জুন ২০২৬
আবাসিক স্কুলের হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার রাধানগর বিএনএম ইনস্টিটিউশনের হোস্টেলের। মৃত ছাত্রের নাম শ্রীবাস নস্কর অষ্টম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র কল্যাণ সর্দার নবম শ্রেণীর ছাত্র। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, হোস্টেলের ভিতরে মোবাইল চার্জ দেওয়ার জন্য তার টেনে একটি চার্জিং পয়েন্ট তৈরি করার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় কল্যাণ সর্দার। এরপর শ্রীবাস নস্করকে সতর্ক করা হলেও সে নিষেধ অমান্য করে ওই তারে হাত দিলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার পর তড়িঘড়ি দুই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শ্রীবাস নস্করকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, কল্যাণ সর্দারের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ছাত্র শ্রীবাস নস্করের বাড়ি বারুইপুরের শাসন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
প্রসঙ্গত দুদিন আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। স্ত্রী তড়িদাহত হন, তা দেখেই তাকে উদ্ধার করতে গিয়ে স্বামীরও তড়িদাহত হয়ে মৃত্যু হল। আর এই ঘটনার টের পেল না আশেপাশের কেউ। যদিও শুক্রবার ডাকাডাকি করে না পেয়ে সন্দেহ হয় স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর। পিছনের দিকে যেতেই দেখে বাথরুমের সামনে লুটিয়ে পড়ে আছেন স্বামী-স্ত্রী। তারপরেই জড়ো হয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদের থানার মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাকিব শেখ (৩৪) এবং শিখা বিবি (৩০)। এ দিন সকালে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাড়িতেই তড়িদাহত হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।