• সমাজমাধ্যমে ভাইরাল টোল প্লাজার রুদ্ধশ্বাস ভিডিও! গাড়ির পাশে ঝুলন্ত কর্মীকে ঘিরে চাঞ্চল্য
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • ঘোষপুকুর টোল প্লাজায় ঘটে যাওয়া এক রুদ্ধশ্বাস ঘটনার ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট চারচাকা গাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় রয়েছেন এক টোল কর্মী। অভিযোগ, টোল আদায়কে কেন্দ্র করে বচসার পর গাড়ির চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ওই কর্মী গাড়িটি থামাতে এগিয়ে যান। সেই সময় তিনি গাড়ির জানালার পাশে আটকে পড়েন এবং চালক গাড়ি না থামিয়ে সোজা ছুটতে থাকেন।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘোষপুকুর টোল প্লাজা থেকে শুরু হলেও গাড়িটি প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে। এই দীর্ঘ সময় ধরে টোল কর্মী প্রাণ হাতে নিয়ে গাড়ির পাশে ঝুলতে থাকেন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তার অন্য গাড়ির চালক ও সাধারণ মানুষ বিষয়টি দেখে হতবাক হয়ে পড়েছেন।

    ঘটনার সময় ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু ও তাঁর কয়েকজন সঙ্গী পুরো বিষয়টি লক্ষ্য করেন। তাঁদের দাবি, গাড়িটিকে থামানোর জন্য একাধিকবার সংকেত দেওয়া হয় এবং চালকের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হয়। কিন্তু চালক কোনওভাবেই গাড়ি থামাতে রাজি হননি। পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠতে থাকায় তাঁরা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং গাড়িটির গতিবিধি সম্পর্কে তথ্য দিতে থাকেন।

    পরে পুলিশের তৎপরতায় ফুলবাড়ি টোল প্লাজা এলাকায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়। সেখানে ঝুলন্ত অবস্থায় থাকা টোল কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। পুলিশ গাড়ির চালকসহ গাড়িতে থাকা অন্যান্যদেরও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটল, চালক কেন গাড়ি না থামিয়ে এতদূর চলে গেলেন এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে চরম বেপরোয়া ও মানবিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে উপস্থিত বুদ্ধি ও মানবিকতার পরিচয় দিয়ে পুলিশকে খবর দেওয়া এবং গাড়িটিকে অনুসরণ করার জন্য ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলুর ভূমিকাও প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, সময়মতো উদ্যোগ না নেওয়া হলে এই ঘটনা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। বর্তমানে পুরো ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর থেকে ফুলবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)