• সাত মাস আগে মায়ের মৃত্যু, নদীর জলে ভেসে গেল ভাইবোন! মর্মান্তিক দুর্ঘটনায় হতবাক শিলিগুড়ি
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • মা নেই, বাবাও কাজ করেন৷ ৬ বছরের ভাইয়ের অভিভাবকের মতোই ছিল ১২ বছরের দিদি৷ শনিবার বিকেলে ভাইকে নদীর জলে ভেসে যেতে দেখে তাই ঝাঁপিয়ে পড়েছিল দিদিও৷ কিন্তু শেষরক্ষা হল না৷ জলের ডুবে একসঙ্গে মৃত্যু হল দু জনেরই৷ শনিবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি৷

    শনিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটবনা ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনি এলাকায়৷ বিকেলেই নদী থেকে উদ্ধার হয় ৬ বছরের ঋষভ এবং তার দিদি ১২ বছরের রিয়ার দেহ৷

    জানা গিয়েছে, মাস সাতেক আগেই মৃত্যু হয় মৃত ভাইবোনের মায়ের৷ স্কুল না থাকলে বাড়ির কাছে দিদার বাড়িতেই গিয়ে থাকত তারা৷ কারণ কাজের জন্য বাবা বাড়ির বাইরে থাকতেন৷ সেই কারণেই দিদার বাড়িতে চলে যেত ভাই বোন৷

    এ দিন দুপুরেও শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনির বাড়ি থেকে বেড়িয়ে দিদার বাড়িতেই যাচ্ছিল ভাই বোন৷ রাস্তায় ঋষভের পায়ে কাদা লেগে যায়৷ পাশেই পঞ্চনই নদীর চরে গিয়ে পা ধুতে গিয়ে পিছলে নদীতে পড়ে যায় ঋষভ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্রোত বেড়েছে৷ ভাইকে নদীতে পড়ে যেতে দেখে তাকে বাঁচাতে নদীতে নামে দিদিও৷ কিন্তু প্রবল জলস্রোতে মুহূর্তে ভেসে যায় ভাই বোন দু জনেই৷ কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় ভাইবোনের নিথর দেহ৷

    এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ বসু৷ ভাইবোনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

    প্রসঙ্গত গতকালও আলিপুরদুয়ারের হাসিমারায় প্রবল বৃষ্টির পর নালায় পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল চার বছর বয়সি একটি শিশুর৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
  • Link to this news (News18 বাংলা)