• চলন্ত বন্দে ভারতেই যোগাসন, আন্তর্জাতিক যোগ দিবস রেলের অভিনব উদ্যোগ
    এই সময় | ২১ জুন ২০২৬
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বার এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম রেল (Western Rail)। প্রথমবারের মতো গুজরাটে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভিতরে যাত্রীদের জন্য যোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে— এতে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক। এতে যোগদানের জন্য কোনও যাত্রীর উপর চাপ সৃষ্টি করা হবে না।

    পশ্চিম রেলের আহমেদাবাদ ডিভিশনের উদ্যোগে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে চারটি বন্দে ভারত ট্রেনে এই বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর আগে ২০২৫ সালে ভারী বৃষ্টির কারণে গান্ধীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত ট্রেনের ভিতরে যোগাভ্যাস করা হয়েছিল। কিন্তু এ বার প্রথমবার চলন্ত ট্রেনে এই আয়োজন করা হচ্ছে। রেল সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্য সচেতনতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং সামগ্রিক সুস্থতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    পশ্চিম রেলের পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে চারটি বন্দে ভারত এক্সপ্রেসে বিশেষ যোগ সেশন পরিচালিত হবে। নির্বাচিত ট্রেনগুলিতে স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষকদের উপস্থিতিতে যাত্রীরা আসনে বসেই সহজ যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করতে পারবেন।

    যে চারটি বন্দে ভারত ট্রেনে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে, সেগুলি হল—

    ট্রেন নম্বর ২০৯০২ গান্ধীনগর ক্যাপিটাল – মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস

    ট্রেন নম্বর ১২৪৬২ সাবরমতী – যোধপুর বন্দে ভারত এক্সপ্রেস

    ট্রেন নম্বর ২৬৯৬৪ আসারওয়া – উদয়পুর বন্দে ভারত এক্সপ্রেস

    ট্রেন নম্বর ২২৯২৫ আমেদাবাদ – ওখা বন্দে ভারত এক্সপ্রেস

    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও যাত্রীর উপর অংশগ্রহণের জন্য চাপ তৈরি করা হবে না। ট্রেনের প্রতিটি কোচেও অনুষ্ঠান হবে না; যাত্রীদের সুবিধা ও পর্যাপ্ত জায়গা বিবেচনা করে নির্দিষ্ট কোচ নির্বাচন করা হবে।

    রেলের বক্তব্য অনুযায়ী, যাত্রীরা আসনে বসেই সহজ কিছু যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করতে পারবেন। প্রশিক্ষিত যোগ প্রশিক্ষকরা নির্দেশনা দেবেন, যাতে ট্রেনের চলাচলে কোনও অসুবিধা না হয় এবং যাত্রীদের নিরাপত্তাও বজায় থাকে।

    পশ্চিম রেলের আমেদাবাদ ডিভিশনের জনসংযোগ আধিকারিক অজয় সোলাঙ্কি জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য যাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, সুষম জীবনযাপন এবং সামগ্রিক সুস্থতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, যাত্রীদের অসুবিধা এড়াতে এমন রুটের ট্রেন বেছে নেওয়া হয়েছে যেখানে তুলনামূলকভাবে ভিড় কম থাকে।

    আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল— রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ সেশনে কোনও উচ্চস্বরে সঙ্গীত বাজানো হবে না এবং যারা অংশ নিতে চাইবেন না, তাঁদের যাত্রায় কোনও ব্যাঘাত ঘটানো হবে না। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আগ্রহী যাত্রীদের সহায়তা করবেন।

    ভারতীয় রেলের আধুনিক পরিষেবাগুলির মধ্যে বন্দে ভারত বর্তমানে অন্যতম জনপ্রিয়। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪ কোটি যাত্রী বন্দে ভারত ট্রেনে যাতায়াত করেছেন। ভারতীয় রেলে আগে স্টেশন চত্বরে বা স্থির ট্রেনে যোগ কর্মসূচি হলেও, চলন্ত বন্দে ভারত ট্রেনের ভিতরে এই ধরনের আয়োজনকে নতুন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম রেলের আশা, যাত্রীদের ইতিবাচক সাড়া পেলে ভবিষ্যতে আরও রুটে এমন উদ্যোগ নেওয়া হতে পারে।

  • Link to this news (এই সময়)