• পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী আরও দুই NEET পরীক্ষার্থী
    এই সময় | ২১ জুন ২০২৬
  • রবিবার ফের হতে চলেছে NEET। তবে তার আগে অব্যাহত আত্মহত্যার ঘটনা। এ বার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার এক NEET পরীক্ষার্থী-র দেহ। পরীক্ষার মাত্র দু'দিন আগে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ইন্দোর থেকেও উদ্ধার হয়েছে আরও এক তরুণীড় দেহ। তিনিও ওই পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন।

    প্রশ্ন ফাঁসের জেরে বাতিল করা হয় গত ৩ মে হওয়া মেডিক্যালে ভর্তির পরীক্ষা। সেই কারণে নতুন করে ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট) হবে বলে জানানো হয়। ওই পরীক্ষা বাতিলের পরে আত্মহত্যা করেছেন অনেক পরীক্ষার্থী।

    বুধবার, তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর থেকে উদ্ধার হয় এক NEET পরীক্ষার্থী-র দেহ। তার আগের দিনেই উত্তরাখণ্ডের দেরাদুনে উদ্ধার হয়েছে এক মেধাবী পড়ুয়ার ঝুলন্ত দেহ।  রিয়া কুমারী থাপা নামে ওই তরুণীরও Re-NEET-এ বসার কথা ছিল।

    আর এই পরীক্ষার মাত্র দু'দিন আগেই গাজিয়াবাদে আরও এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, বাড়ি থেকেই উদ্ধার হয়েছে যতীন কুমার(২২) নামে ওই পড়ুয়ার দেহ। বিজয়নগর থানার প্রতাপবিহারে একটি আবাসনের এইচ ব্লকে থাকতেন তিনি। এর আগেও একাধিকবার ওই পরীক্ষায় বসেছিলেন তিনি। তাতে সফল না হলেও এ বার ফের ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই যতীন। ওই এলাকার এসিপি উপাসনা পাণ্ডে জানিয়েছেন, আত্মহত্যা করার আগে মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করেন ওই পরীক্ষার্থী। তাতেই NEET উত্তীর্ণ হতে না পেরে হতাশায় ভোগার কথা জানিয়েছেন ওই পরীক্ষার্থী।

    তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, হতাশ হলেও রবিবারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যতীন।

    অন্য দিকে, মধপ্রদেশের ইন্দোরেও আত্মঘাতী হয়েছেন আরও এক NEET পরীক্ষার্থী। বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা মৌর্য (২১) নামে ওই পরীক্ষার্থী। পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। NEET-UG বাতিল হওয়ার পরে তাঁর হতাশা আরও বেড়ে যায়। এই কারণে শুক্রবার রাতে চরম পদক্ষেপ করেন অবন্তিকা। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, চিকিৎসক হতে চেয়েছিলেন অবন্তিকা। গত তিন বছরে NEET উত্তীর্ণ হতে না পারায় হতাশ হয়ে পড়েন তিনি। ধর জেলার ওই তরুণী ইন্দোরে বাড়ি ভাড়া নিয়ে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

    এ দিকে, রবিবার দেশের ৫৫১টি শহরের ৫৪৪০টি কেন্দ্রে হতে চলেছে re-NEET। এ বার যাতে কোনও ভাবেই প্রশ্ন ফাঁস বা অন্য কোনও অঘটন না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

    আর এক দিকে, ওই পরীক্ষা বাতিল এবং প্রায় একশ জনের আত্মহত্যার ঘটনায় দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শনিবারও বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি ।

  • Link to this news (এই সময়)