• রোগ–বিয়োগে যোগের গুরুত্ব বোঝাবেন নমো?
    এই সময় | ২১ জুন ২০২৬
  • এই সময়: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ, রবিবার কলকাতায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ–প্রশাসনের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ট্র্যাফিকের জন্যও বিশেষ বন্দোবস্ত হয়েছে।

    আজ ভোরে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে থাকছেন মোদী। সেখানে কয়েক হাজার যোগ–প্রেমী, ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী সেখানে যোগাভ্যাসের সঙ্গে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেবেন। সুস্থ জীবনযাপন ও দৈনন্দিন জীবনে যোগচর্চার গুরুত্ব নমোর ভাষণে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার রাতেও মিলেনিয়াম পার্কে লেজার শো–র আয়োজন করা হয়।

    আজ রেড রোডের অনুষ্ঠান সেরে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে যাওয়ার কথা প্রধা‍নমন্ত্রীর। সেখানে ভারতীয় নৌবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ নেবেন। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রক, নৌবাহিনীর শীর্ষ আধিকারিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। এই উপলক্ষে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উৎপাদন এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এই দুই অনুষ্ঠানের মাধ্যমেই কলকাতা সফরের কর্মসূচি শেষ করবেন তিনি।

    নমোর এই সফরের আগে থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। রেড রোড বন্ধ রাখা হয়েছে সপ্তাহখানেক। এ বাদে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের স্বার্থে বিকল্প রাস্তার বন্দোবস্ত ও তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ট্র্যাফিক পুলিশের তরফে।

  • Link to this news (এই সময়)