• Breaking News Live: প্রধানমন্ত্রীর ভাষণ শেষে রেড রোডে শুরু হলো যোগাভ্যাস
    এই সময় | ২১ জুন ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষে রেড রোডে শুরু হলো যোগ দিবসের মূল অনুষ্ঠান। যোগাভ্যাসে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সমস্ত মন্ত্রীরা।

    রেড রোডে প্রধানমন্ত্রীর পরামর্শ,‘যোগ আমাদের সুস্থ জীবনযাপনে সাহায্য করে। যোগ মানসিক স্বাস্থ্য ভালো রেখে শারীরিক স্বাস্থ্য ভালো রাখার মার্গ দেখায়। ৭০ বছর বয়সে ৫০ বছর বয়সের অনুভূতি দেয়। জীবনশৈলীতে ভারসাম্য আনে। যোগের কথা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন। যোগকে কোনও একদিনের অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখা উচিত নয়। একে আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে। সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে।’

    রেড রোডে যোগাভ্যাসের মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ‘কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে অভ্যর্থনা জানিয়েছে। এতে নাগরিক কর্তব্য পালনে বহু পরিশ্রম করতে হয়েছে। এই উদ্যোগ ও উদ্যম অত্যন্ত প্রশংসনীয়। শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণের ভূমি পশ্চিমবঙ্গ। তাই এখানে যোগ দিবসের অনুষ্ঠান আরও গুরুত্বপূর্ণ। শ্রী অরবিন্দ বলতেন, আমার পুরো জীবনই যোগ। যোগ আসলে মানব চেতনার সঙ্গে যুক্ত।’

    রেড রোডে যোগাভ্যাসের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। যোগ সবাইকে জুড়ে দেয়। এখন ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। যোগ দিবস পালনে কলকাতায় আসতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

    রেড রোডে যোগাভ্যাসের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেওয়ায় তাঁকে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা। যোগ পশ্চিমবঙ্গের পুরোনো সংস্কৃতি। এতদিন যোগ দিবস পালনে পশ্চিমবঙ্গে কোনও সরকারি উদ্যোগ ছিল না। তার কারণ আপনাদের অজানা নয়। আপনাদের যুগান্তকারী সিদ্ধান্তেই আজ এই দিন দেখা সম্ভব হয়েছে। ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছেন।’

    ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে বিশাল আয়োজন। সেখানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    রেড রোডের অনুষ্ঠানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌঁছে গিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

    সকাল সাড়ে ছ’টা নাগাদ শুরু হবে রেড রোডের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসবেন রাজ্যপাল আর এন রবি। থাকবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে একে একে সেখানে এসে পৌঁছছেন রাজ্যের মন্ত্রীরা। উপস্থিত হয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এসেছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। হাজির বরানগরের বিধায়ক সজল ঘোষ।

    রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রায় ৩৫ হাজার মানুষ। সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান। রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে অনুষ্ঠান স্থলে।

    যোগ দিবসের অনুষ্ঠানে পৌঁছনোর সুবিধার জন্য আজ অর্থাৎ রবিবার ভোর চারটের কিছু সময় পরেই চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। ব্লু লাইন, গ্রিন লাইন-সহ কলকাতা শহরের সমস্ত লাইনেই চালু হয়ে গিয়েছে পরিষেবা।

    আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তাঁর সফরকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কয়েক হাজার যোগ–প্রেমী, ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

  • Link to this news (এই সময়)