ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা: শিবকুমার
বর্তমান | ২১ জুন ২০২৬
বেঙ্গালুরু: ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পাবেন। তবে মাথায় রাখতে হবে, কোনো যোগ্য প্রাপকের নাম যেন বাদ না পড়ে। শুক্রবার এমনই জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এরপরই জোর জল্পনা শুরু হয়েছে। একাংশের প্রশ্ন, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়লে কি আর কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না? কেউ কেউ আবার ক্ষোভ উগরে দিয়েছেন। এদিন কর্ণাটকের বিধান সৌধে এক পর্যালোচনা বৈঠকে ডি কে শিবকুমার ঘোষণা করেন— গৃহজ্যোতি স্কিমের অধীনে পরিবার পিছু বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। তবে ভোটার তালিকায় নাম থাকলেই এই সুবিধা মিলবে। এক্ষেত্রে এসআইআরের সময় সবাই যেন ভালো করে যাচাই করে নেন। ভোটার তালিকায় তাঁদের নাম আছে কি না, তা খতিয়ে দেখেন। এরপরই কর্ণাটকবাসীর মনে সংশয় দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০ জুন, শনিবার থেকেই কর্ণাটকে এসআইআর শুরু হচ্ছে।