• ভালুকায় জঙ্গলে অজগরের দেখা মেলায় কৌতূহল
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গ্রামাঞ্চলের জঙ্গলে অজগর সাপের দেখা মিলেছে বলে দাবি ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সামাজিক মাধ্যমে সাপটির ভিডিও ভাইরাল হওয়ায় আতঙ্কের পাশাপাশি কৌতূহলও বেড়েছে বাসিন্দাদের মধ্যে। তবে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের বটতলি স্ট্যান্ড সংলগ্ন জঙ্গলে একটি বড় আকৃতির অজগর সাপ দেখা যায় বলে দাবি স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিও তোলেন। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বনদপ্তরের ভালুকা ফরেস্ট রেঞ্জ অফিসার মনোজিত শেঠ বলেন, আমার কাছেও ভাইরাল ছবিটি এসেছে। সাপটিকে জঙ্গলের মধ্যেই দেখা যাচ্ছে, যা তার জন্য উপযুক্ত আবাসস্থল। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হন, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)