চোপড়ায় ‘বাংলা প্রতিষ্ঠা দিবস’ উদযাপন, প্রবল আপত্তি বিজেপির
বর্তমান | ২১ জুন ২০২৬
সংবাদদাতা, চোপড়া: রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে শনিবার ‘বাংলা প্রতিষ্ঠা দিবস’ উদযাপিত হয়েছে। চোপড়া ব্লক প্রশাসনের ওই অনুষ্ঠানকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছে চোপড়ার বিজেপি নেতৃত্ব। এই ঘটনা সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেটি আসলে একটি পুরনো ব্যানার ছিল। পরবর্তীতে অনুষ্ঠান চলাকালীন আপত্তি ওঠায় তা সরিয়ে ফেলা হয়। ফোন না তোলায় এবিষয়ে চোপড়ার বিডিও সৌরভ মাজির কোনো প্রতিক্রিয়া মেলেনি। মেসেজেরও উত্তর দেননি।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিন চোপড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে চোপড়া পঞ্চায়েত সমিতির হলঘরে একটি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের মূল মঞ্চে যে সরকারি ব্যানারটি টাঙানো হয়েছিল, তাতেই বাঁধে বিপত্তি। সেখানে লেখা ছিল ‘বাংলা প্রতিষ্ঠা দিবস’।
এই ছবি প্রকাশ্যে আসতেই আসরে নামে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে নতুন সরকার গঠন হওয়া সত্ত্বেও প্রশাসনের একটা অংশ এখনও পুরনো অভ্যাস ছাড়তে পারছে না। বিজেপি নেতা সোমনাথ সিংহের কথায়, এদিন অনুষ্ঠান শুরু হওয়ার পর বিষয়টি আমাদের চোখে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে পুরো বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসি।
বিজেপি প্রতিবাদ জানানোর পর তড়িঘড়ি বিতর্কিত ব্যানারটি ঢেকে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কিছু সরকারি আমলা ও আধিকারিক এখনও মনে করছেন, বাংলায় পুরনো সরকারের জমানা চলছে। তাই তাঁরা নতুন সরকারের নীতি ও নির্দেশিকাকে মান্যতা না দিয়ে পুরনো আনুগত্য বজায় রাখার চেষ্টা করছেন।