• উন্নয়নে নন্দীগ্রামকে মডেল হিসাবে গড়বে রাজ্য সরকার, ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই, সাবস্টেশন, দমকল, অডিটোরিয়াম
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: উন্নয়নে নন্দীগ্রামকে মডেল হিসাবে গড়ে তোলার কাজ হাতে নিল প্রশাসন। গত পাঁচ বছরে উন্নয়নে অনেকটাই উপেক্ষিত হয়েছে নন্দীগ্রাম। ২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভায় হেরে যাওয়ার পর যাবতীয় উন্নয়নের পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ফেরত গিয়েছে টাকা। নন্দীগ্রাম-২ ব্লকে নিজেদের দান করা জমিতে গড়ে ওঠা স্বর্ণময়ী যোগেন্দ্র কলেজ ক্যাম্পাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা তৈরির জন্য বহু চেষ্টা করেও সফল হননি অধ্যাপক অনিন্দ্যকিশোর ভৌমিক। সেই নন্দীগ্রামে এবার থমকে যাওয়া উন্নয়ন গতি পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুক্রবার নন্দীগ্রাম-১ বিডিও অফিসে এনিয়ে গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেখানে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) সিইও বিবেক দত্তাত্রেয় ভাসপে, হলদিয়ার মহকুমা শাসক সুরভী সিংলা, মহকুমা ভূমি অধিকারিক সুপ্রভাত দাস, নন্দীগ্রাম-২বিডিও দেবত্তম সরকার সহ দুই পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিধানসভা এলাকায় একশো কোটি টাকার বেশি উন্নয়নের পরিকল্পনা গৃহীত হয়েছে।

    নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগরে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে। পাশেই গড়ে উঠবে বিদ্যুৎ বণ্টন সংস্থার নতুন সাবস্টেশন। এরফলে লোডশেডিং, ভোল্টেজের সমস্যা মিটবে। সোনাচূড়া কিংবা গোকুলনগর যে কোনো একটি জায়গায় তৈরি হবে সরকারি আইটিআই। এছাড়া, দুই ব্লকে দু’টি অডিটোরিয়াম তৈরি হবে। দু’জায়গায় ইলেকট্রিক চুল্লি, বিধানসভার যে কোনো একটি জায়গায় দমকল কেন্দ্র গড়ে উঠবে। সব স্কুলে পরিকাঠামো উন্নতি করা হবে। লাইট, পাখা থেকে ন্যাপকিন ভেন্ডিং মেশিন সব ব্য‌বস্থা যথাযথ করা হবে। অন্তত ১০টি জায়গায় ক্যানেলের উপর কাঠের সেতু সরিয়ে গড়ে ওঠবে কংক্রিটের ব্রিজ। মুখ্যমন্ত্রী আগেই নন্দীগ্রামে জটিল সমস্যা কাটিয়ে রেলপথ, নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী হলদি নদীর উপর ফোল্ডার ব্রিজ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ১২০০কোটি টাকা ব্যয়ে দ্রুত জল প্রকল্প রূপায়ণের আশ্বাস দিয়েছেন। এই তিনটি বড়ো কাজ ছাড়াও নন্দীগ্রাম বিধানসভায় আরও একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার এইচডিএর সিইওর উপস্থিতিতে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়নে নন্দীগ্রামকে মডেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য। ২০২২সালে নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরির জন্য মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্টে তিন কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু, জমি না পাওয়ার অজুহাত দেখিয়ে সেই প্রজেক্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয় পূর্বতন সরকারের জেলা প্রশাসন। যে কারণে টাকা ফেরত চলে যায়। স্কুল তৈরি হয়নি। যদিও পালাবদলের পর সেই স্কুল নির্মাণ নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। ফেরত যাওয়া টাকা ফের আনা হয়েছে। কয়েকদিন আগে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রধান সচিব অরবিন্দ মীনা নন্দীগ্রাম এসে প্রস্তাবিত সাইট ভিজিট করে গিয়েছেন। সেই এলাকায় তৈরি হবে সাবস্টেশনও। এছাড়া, জীবিকামুখী পেশায় জোর দিতে সরকারি আইটিআই কলেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির দু‌ই কর্মাধ্যক্ষ দেবাশিস দাস ও অশেষ পাল বলেন, সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, আইটিআই কলেজ, সাবস্টেশন, দমকল কেন্দ্র, অডিটোরিয়াম, বিভিন্ন ক্যানেলের উপর কাঠের ব্রিজের জায়গায় কংক্রিটের সেতু সহ নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)