• বর্ষার অগ্রগতি মন্থর, স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ কম বৃষ্টি দেশে
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে সার্বিকভাবে বর্ষা খুব মন্থর গতিতে চলছে। দেশের অর্ধেক অংশেও এখনও বর্ষা প্রবেশ করেনি। বেশ কয়েকদিন ধরে থমকে থাকার পর আগামী মঙ্গলবার নাগাদ দেশের আরও কিছু অংশে বর্ষার অগ্রগতি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জুন মাসের ১৭ তারিখ পর্যন্ত দেশে গড়ে স্বাভাবিকের থেকে প্রায় ৪০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। মধ্য ভারতে যা ৬০ শতাংশ ছুঁয়েছে। এ রাজ্যে অবশ্য অনেকদিন আগেই বর্ষা প্রবেশ করেছে। তবে উত্তরবঙ্গের কিছু অংশে প্রচুর বৃষ্টি হলেও ২০ জুন পর্যন্ত রাজ্যে সামগ্রিকভাবে স্বাভাবিক গড়ের তুলনায় ৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। যদিও আবহাওয়াগতভাবে এটা স্বাভাবিকই। তবে কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে। স্বাভাবিক গড়ের থেকে ১৯ শতাংশ কম বৃষ্টিপাত হলে তা ঘাটতি বলে ধরা হয়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আবহাওয়ামণ্ডলে অনুকূল পরিস্থিতি না থাকার জন্য বর্ষা এবার এতটা দুর্বল। প্রশান্ত মহাসাগরের এল নিনো, ভারত মহাসাগরের আইওডি, এমজিওসহ বিভিন্ন পরিস্থিতি এবার ভালো বৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে ২৪-২৫ জুন নাগাদ বর্ষা কিছুটা সক্রিয় হবে ও  অনেকটা অগ্রসর হবে বলে আশা আবহাওয়াবিদদের। 

    এদিকে, শুক্রবারের তুলনায় শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যায়। যদিও সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় লাল ও কমলা সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ, রবিবার কলকাতাসহ জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সকালে যোগ দিবসের অনুষ্ঠান হবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায়। সকালের দিকে কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ভারী-অতিভারী থেকে অত্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। 
  • Link to this news (বর্তমান)