• টার্গেট ১ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠন, বাড়তি গুরুত্ব চা বাগান ও আদিবাসী অঞ্চলে
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত বছরের মতো এই অর্থবছরেও রাজ্যে এক লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্যমাত্রা বেধে দিল পঞ্চায়েত দপ্তর। জেলাগুলিতে পাঠানো হয়েছে তাদের টার্গেট। লক্ষ্যমাত্রা পূরণ করতে এবার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর দলে আনতে উদ্যোগ নেবে দপ্তর। কারণ রাজ্যে সিংহভাগ মহিলাকে কোনো না কোনো দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁরা এখনও বাদ রয়েছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালিয়েছিলেন বিভিন্ন জেলার আধিকারিকরা। তাতে দেখা গিয়েছে বেশ কিছু অঞ্চলে পিছিয়ে পড়া মহিলাদের একটা বড়ো অংশ এখনও এর আওতায় আনা বাকি। যেমন চা বাগান, আদিবাসী সহ প্রান্তিক বিভিন্ন এলাকা। ব্লক প্রশাসন সেসব জায়গায় গিয়ে কথা বলে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করবে। যাঁরা ইচ্ছুক তাঁদেরই আনা হবে এই দলে। যেখানে ১০ জনের দল হবে না সেখানে ন্যূনতম পাঁচজন নিয়েও দল গঠন করা হবে।

    জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে ১২.০৬ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সূত্রের খবর, গতবার লক্ষ্যমাত্রা যা দেওয়া হয়েছিল তাতে ৮১ হাজারের মতো দল গঠন করা সম্ভব হয়েছিল। ফলে এবারে যাতে সেই টার্গেটের কাছাকাছি যাওয়া যায় সেই লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের ব্যবসা করার জন্য এবছর ৪০ হাজার কোটি টাকার টার্গেট স্থির করেছে পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ ব্যাংকগুলিকে এই লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে ঋণ নেওয়ার জন্য এগিয়ে আসেন তার জন্য জেলা প্রশাসনকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। ২০২৫-’২৬ সালে ঋণ দেওয়ার টার্গেট ছিল ৩৫ হাজার কোটি টাকা। সেবার সবমিলিয়ে মহিলারা ঋণ নিয়েছিলেন ৩৫ হাজার ১০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছিল। তাই এবার আরও পাঁচহাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। দপ্তরের দাবি, দেশের মধ্যে গতবার দ্বিতীয় সর্বাধিক ঋণ নিয়ে কাজ করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রথম স্থানে ছিল অন্ধ্রপ্রদেশ।
  • Link to this news (বর্তমান)