• বিজেপি কর্মী খুন: বাগনানে সিআইডি
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনানের বিজেপি কর্মী খুনের ঘটনায় শুক্রবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো শনিবার দুপুরেই সিআইডির একটি দল বাগনান থানায় পৌঁছায়। সূত্রের খবর, এদিন সিআইডি আধিকারিকরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর বাঁটুল মোটাপুকুরধারে নিহত প্রশান্ত দে’র বাড়িতে যান। পরে তারা ঘটনাস্থল আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি গ্রামে যান। তদন্তকারী দলের সদস্যরা নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিকে, খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার বাগনান থানার পুলিশ টুম্পা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছিল। শনিবার তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, বুধবার রাতে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি গ্রামে উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়ির সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। ঘটনায় ৩ বিজেপি নেতা জখম হন। 
  • Link to this news (বর্তমান)