• সই জাল-কাণ্ড: শোভনদেবের বাড়িতে সিআইডি রেজোলিউশন বুকের কপি দিলেন বিধায়ক
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কদের সই জাল-কাণ্ডে এবার বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। প্রধান বিরোধী দলনেতা চূড়ান্ত করার জন্য তৃণমূলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের রেজোলিউশন কপি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তিনিই ওই নথির ‘কাস্টডিয়ান’ ছিলেন কি না, তদন্তকারীরা জানতে চান বলে খবর। প্রায় দেড় ঘণ্টা পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে যায় সিআইডি টিম। শোভনদেববাবু জানিয়েছেন, তিনি নিজেই সিআইডি-কে ডেকে পাঠিয়েছিলেন। দু’টি রেজোলিউশন বুকসহ বেশ কিছু নথি তিনি তুলে দিয়েছেন তদন্তকারীদের। 

    সই জাল-কাণ্ডের তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যে একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে। যে চার বিধায়কের সই জাল করা 

    হয়েছে বলে অভিযোগ, তাঁদের হাতের লেখার 

    নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু রেজোলিউশন বুকের কপি না পাওয়ায় সংগৃহীত নমুনার সঙ্গে রেজোলিউশন বুকে থাকা সই মেলাতে পারছিলেন না তদন্তকারীরা। যে কারণে তদন্ত থমকে 

    রয়েছে। একাধিক বিধায়ক সিআইডির কাছে দাবি করেন, ওই বৈঠকের কোনো রেজোলিউশনই হয়নি। যেটা জমা দেওয়া হয়েছে, তা বিধায়কদের কাছ থেকে সংগ্রহ করা সইয়ের নথি মাত্র। বিরোধী দলনেতা হিসাবে বৈঠকে কারও নাম প্রস্তাব করতে গেলে যেসব নিয়ম ও ফরম্যাট মেনে চলা দরকার, তা হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সেই বৈঠকে। তাই আদৌ রেজোলিউশন হয়েছে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন তদন্তকারীরা। বিধানসভায় তৃণমূলের তরফে যে নথি জমা দেওয়া হয়, সেটি রেজোলিউশন বুক নয়। তবে তাতে যেহেতু শোভনদেববাবুকেই বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়ার আবেদন করা হয়েছিল, তাই তাঁকেই জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় সিআইডি। যদিও বালিগঞ্জের বিধায়ক দাবি করেছেন, তিনি নিজেই সিআইডি-কে আসতে বলেছিলেন। বিধায়কের কথায়, ‘আদালতে মামলা চলায় ওই রেজোলিউশন বুক আইনজীবীর কাছে ছিল। পরবর্তী সময়ে সেটি আমার কাছে আসে। সিআইডি-কে ডেকে সেটি তুলে দিলাম।’ 

    তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁর দেওয়া এই বুকও আদতে বিধানসভায় যে নথি জমা পড়েছে, তার কপি । তবে সিআইডির ব্যাখ্যা, এতে অবশ্য তদন্ত এগবে। কিন্তু এই বুকের ‘কাস্টডিয়ান’ কি শোভনদেববাবুই? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এই বুক আইনজীবীর কাছে যাওয়ার আগে কার কাছে ছিল, সেটাও জানার চেষ্টা হচ্ছে।

    শোভনদেববাবু আরও বলেন, ‘সিআইডির হাতে দুটি রেজোলিউশন কপি বুক তুলে দিয়েছি। অন্যান্য কাগজপত্রও দিয়েছি। আমি তদন্তে কতটা সহযোগিতা করছি, সেটা সিআইডি বলতে পারবে। কিন্তু আমি ওদের ডাকলাম, আর ওরা সংবাদমাধ্যমকে জানিয়ে ক্যামেরা নিয়ে চলে এল, এটা দুর্ভাগ্যজনক।’ 
  • Link to this news (বর্তমান)