• সুরুচি সংঘকে আইনি নোটিস এলআইসির, জমি খালি না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, ২২ কাঠা জবরদখলের অভিযোগ!
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে দুর্গোৎসবের অন্যতম মেগা আয়োজক নিউ আলিপুর সুরুচি সংঘের পুজোর ভবিষ্যত নিয়ে বড়সড় অনিশ্চতা তৈরি হয়ে গেল! অভিযোগ, এলআইসির জমি জবরদখল করে বছরের পর কলকাতার এই নামী পুজোর আয়োজন হত। এবার সেই সুরুচি সংঘকে ১৮ জুলাইয়ের মধ্যে ওই জমি খালি করার নোটিস দিয়েছে এলআইসি। শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে ওই নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

    আইনজীবী মারফত এলআইসি ওই নোটিসে সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খালি করে দিতে হবে এলাকা। অন্যথায় আইনি পথে হাঁটবে তারা। নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই জমিতে বেআইনিভাবে অন্য নির্মাণও করা হয়েছে। এর আগে একাধিকবার সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল এলআইসি। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে অরূপ ও স্বরূপ জবরদখল করা জমি এতদিন খালি করেননি বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর ফের নিজেদের জমি পুনরুদ্ধার করতে তৎপরতা শুরু করে এলআইসি। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই থানায় অভিযোগ দায়ের করেছিল তারা। সেই অভিযোগের পরই এলআইসির আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সুরুচি সংঘের ভবনের তিন দিকে নোটিস সাঁটিয়ে মোট চারটি প্লট অর্থাৎ প্রায় ২২ কাঠা জমি খালি করতে বলেছে এলআইসি। 

    পুজো মানচিত্রে অন্যতম জনপ্রিয় সুরুচির আয়োজন। ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলে পরিচিত।  ইতিমধ্যেই যৌন হেনস্তা, তোলাবাজি সহ একাধিক অভিযোগ স্বরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মেসি কাণ্ডে তিনবার নোটিস পাওয়ার পর অবশেষে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এই আবহে এবার সুরুচি সংঘ ক্লাবের জমি খালি করার নোটিস দিল এলআইসি। প্লট খালি না করা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও বলা হয়েছে নোটিসে। ফলে এবার পুজোর ভবিষ্যত নিয়ে ধন্দে নিউ আলিপুরবাসী। 
  • Link to this news (বর্তমান)