সংবাদদাতা, বনগাঁ: শনিবার রাজ্য পুলিশকে পেট্রাপোল থানার নতুন ভবন হস্তান্তর করল ল্যান্ড পোর্ট অথরিটি। এদিন ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান জয়ন্ত সিং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তকে ভবন হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি ড. রাজেশকুমার সিং, আইজি বারাসত অমিত পি জাভালগি, পেট্রাপোল স্থল বন্দরের ম্যানেজার কমলেশ সাহানি।
জানা গিয়েছে, ২০১৬ সাল নাগাদ ওসি মর্যাদার পেট্রাপোল থানার উদ্বোধন হয়। এতদিন জিরো পয়েন্টের একদম কাছে স্থলবন্দরের একটি ভবনে থানা ছিল। পরবর্তীতে জিরো পয়েন্ট থেকে প্রায় ৭০০ মিটার দূরে বন্দরের জমিতেই আধুনিক মানের থানার নতুন ভবন তৈরি হয়েছিল। ২০২৩ সালে ৯ মে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের পরেও অবহেলায় পড়ে ছিল ভবনটি। সূত্রের দাবি, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাতে নতুন ভবনে থানা সরানো যায়নি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই পেট্রাপোল থানা নতুন ভবনে স্থানান্তরিত করতে উদ্যোগ নেওয়া হয়।