এই সময়, পেট্রাপোল: মহিলা যাত্রীদের সুবিধার্থে পেট্রাপোল স্থলবন্দরে চালু হলো 'পিঙ্ক রুম'। শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেট্রাপোল বন্দরের প্রিন্সিপাল কমিশনার অফ কাস্টমস বিনায়ক আজাদ। এছাড়াও হাজির ছিলেন পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাহানি, ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান জয়ন্ত সিং এবং অন্যান্য আধিকারিকরা। রাজ্যের মধ্যে এই প্রথম কোনও স্থলবন্দরে পিঙ্ক রুম চালু হলো।
গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর হলো পেট্রাপোল। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক আদান-প্রদান হয়, তার ৭০ শতাংশই হয়ে থাকে বনগাঁর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। বাণিজ্য পণ্য ছাড়াও এখান দিয়ে দুই দেশের যাত্রীরাও রোজ আসা-যাওয়া করেন। প্রতিদিন কয়েক হাজার মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করেন পেট্রাপোল বন্দর দিয়ে। তার জন্য এখানে রয়েছে সবচেয়ে বড় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। বছর তিনেক আগে এখানে একই ছাদের নীচে যাত্রীদের লাগেজ পরীক্ষা, ইমিগ্রেশন ও কাস্টমসের সুবিধা-সহ অত্যাধুনিক যাত্রী টার্মিনাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পেট্রাপোল বন্দরের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, ইদানিং পেট্রাপোল স্থলবন্দরে মহিলা যাত্রীদের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। একই সঙ্গে স্থলবন্দরে মহিলা কর্মীর সংখ্যাও বেড়ে গিয়েছে। অনেক মহিলা যাত্রীর সঙ্গে তাঁদের সন্তানরাও থাকেন। বহু মহিলা যাত্রী আজকাল 'সোলো ট্যুর'-এ বেরোচ্ছেন। সাধারণত, ইমিগ্রেশন দপ্তরে পাসপোর্ট চেক করিয়ে যাত্রী টার্মিনাল দিয়ে বাংলাদেশ কিংবা ভারতে প্রবেশ করতে হয়। এতদিন পেট্রাপোল স্থলবন্দরে গড়ে ওঠা যাত্রী টার্মিনালে মহিলা যাত্রীদের বিশ্রাম, সদ্যোজাত সন্তানকে ব্রেস্ট ফিডিং করানো কিংবা স্যানিটারি ন্যাপকিন বদলানোর জন্য আলাদা কোনও ব্যবস্থা ছিল না। এখন থেকে পিঙ্ক রুমে সেই সুবিধা পাওয়া যাবে। সেখানেই থাকছে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ব্যবহৃত প্যাড ধ্বংস করার যন্ত্র এবং জরুরি মেডিক্যাল কিট। অসুস্থদের জন্য থাকছে ইমার্জেন্সি বেড। ক্লান্তি কাটাতে থাকছে আরামদায়ক বিছানা এবং সোফা। পিঙ্ক রুমের ভিতরে এলইডি টিভি এবং স্টিলের আলমারিও রয়েছে। পিঙ্ক রুমের ভিতরে আলাদা ভাবে পর্দাঘেরা ছোট্ট একটি স্পেস থাকছে, যেখানে মহিলারা নিজের সদ্যোজাত সন্তানকে ব্যক্তিগত পরিসরে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন।
পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি বলেন, 'মহিলা যাত্রী ও পর্যটকদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। তাঁদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, গোপনীয়তা এবং বেবি ফিডিংয়ের জন্যই পেট্রাপোল বন্দরে পিঙ্ক রুম বানানো হয়েছে।' ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান জয়ন্ত সিং বলেন, 'আপাতত পেট্রাপোল স্থলবন্দরে পিঙ্ক রুম চালু করা হলো। আগামী দিনে দেশের সমস্ত স্থলবন্দরে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য পিঙ্ক রুম করা হবে।'
বাংলাদেশ থেকে আসা সাদিয়া পারভিন বলেন, 'মহিলাদের জন্য ব্যক্তিগত স্পেস থাকাটা খুব জরুরি। পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকে এর জন্য অসংখ্য ধন্যবাদ।'