• নতুন হাসপাতাল, রেল লাইনও, নরেন্দ্র মোদীর হাত ধরে দুই বড় উপহার হাওড়ায়
    এই সময় | ২১ জুন ২০২৬
  • এই সময়, হাওড়া: হাওড়ার উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলার জন্য দু’টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের সূচনা করলেন। একদিকে হাওড়া স্টেশনের কাছে ৩০০ শয্যার আধুনিক ডিভিশনাল রেলওয়ে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, অন্য দিকে, সাঁতরাগাছি থেকে সাঁকরাইল পর্যন্ত তৃতীয় রেল লাইনের উদ্বোধন করা হয়েছে।

    রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের নিকটবর্তী বার্ন স্ট্যান্ডার্ড কারখানার জমিতে নতুন ডিভিশনাল রেলওয়ে হাসপাতালটি নির্মিত হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই কারখানা এক সময়ে কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনে ছিল। পরে জমিটি রেল মন্ত্রকের অধীনে আসে। সেই জমিকেই কাজে লাগিয়ে অত্যাধুনিক পরিকাঠামোসমৃদ্ধ ৩০০ বেডের হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতালটি চালু হলে রেলকর্মী, তাঁদের পরিবার এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড়সড় সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে।

    এ দিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেল আধিকারিকদের মতে, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকবে। ফলে, হাওড়া ও সংলগ্ন এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁকরাইল স্টেশন পর্যন্ত তৃতীয় রেল লাইনেরও উদ্বোধন করেন। এই নতুন রেললাইন চালু হওয়ার ফলে দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম ব্যস্ত এই রুটে ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। যাত্রিবাহী এবং পণ্যবাহী ট্রেন পরিচালনায় সুবিধা হবে, পাশাপাশি, ভবিষ্যতে রেলের পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রেল কর্তৃপক্ষের মত।

    রেল বিশেষজ্ঞদের মতে, সাঁতরাগাছি-সাঁকরাইল অংশে অতিরিক্ত লাইন চালু হওয়ায়, ট্র্যাফিকের চাপ কমবে এবং ট্রেনের সময়নিষ্ঠা বাড়বে। এর ফলে হাওড়া ও আশপাশের শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে।

  • Link to this news (এই সময়)