আজকাল ওয়েবডেস্ক: ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট খাস কলকাতার রেড রোডে। রবিবাসরীয় সাতসকালে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের প্রথম বিজেপি সরকারের একাধিক মন্ত্রী।
যোগ দিবস পালন নিয়ে অতীতে কম বিতর্ক হয়নি। বিশেষত রেড রোডে করা নিয়ে। এ প্রসঙ্গে আজ রবিবার সাতসকালে আজকাল ডট ইনকে মন্ত্রী শঙ্কর ঘোষ জানালেন, 'বিতর্ক যাঁদের করার, তাঁরা করবেনই। আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। আমাদের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন বিরাসত ও বিকাশ। আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষের মানুষের আমাদের ঐতিহ্য, উত্তরাধিকার সম্পর্কে যে গর্ব বোধ তৈরি হওয়া উচিত, পশ্চিমবঙ্গ তার থেকে অনেকটা পিছিয়ে আছে।'
এরপরই তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের ইতিহাসটা হচ্ছে, যাঁরা আক্রমণকারী তাঁদের গৌরবান্বিত করার ইতিহাস। যোগ হচ্ছে আমাদের মাটির সংস্কৃতি। যোগ আমাদের পশ্চিমবঙ্গ থেকে সূত্রপাত। ফলে এই নিয়ে যাঁরা বিতর্ক করেছেন, তাঁরা আসলে পশ্চিমবঙ্গের অস্তিত্বকে যাঁরা স্বীকার করতে চাইতেন না, যাঁরা পশ্চিম বাংলাদেশ চান, তাঁরাই এগুলো করেন। যোগের মাটিতে যোগ ফিরে এল। আজ ঐতিহাসিক দিন তো বটেই।'
এদিন রেড রোডের মঞ্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'যোগ সকলকে জুড়ে দেয়। ২১ জুন বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন। পুরো দেশ পুরো বিশ্বের সঙ্গে জুড়ে গিয়েছে। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে।' এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্য থেকে হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগ ফিরে এসেছে। যোগ সবাইকে জুড়ে রাখে।'
আজ রেড রোড থেকে লোক ভবন ফিরে যাবেন প্রধানমন্ত্রী। তারপর ফের গার্ডেনরিচ যাওয়ার কথা তাঁর। সেখানে তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আজ দিল্লির উদ্দেশে রওনা দেবেন।