• শান্তিনিকেতনে যোগাভ্যাস সুকান্তের! বিশ্বভারতীর শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গেই সামিল মন্ত্রী
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রবিবার শান্তিনিকেতনে যোগাভ্যাসে সামিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷ রবিবার বিশ্বভারতী শান্তিনিকেতনে উপস্থিত থেকে সকল শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে যোগাভ্যাসে সামিল হলেন তিনি৷

    যোগ দিবসে সেজে উঠেছে গোটা বাংলা৷ সুন্দরবন থেকে কলকাতা হয়ে শান্তিনিকেতন, সকাল থেকেই যোগাভ্যাসে সামিল হাজার হাজার মানুষ৷ কলকাতার রেড রোডে হচ্ছে বিশেষ অনুষ্ঠানে৷ এই অনুষ্ঠানে যোগাভ্যাসের নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কলকাতার অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

    প্রধানমন্ত্রীর যোগ দিবসের অনুষ্ঠানকে উপলক্ষ্যে বিপুল লোক সমাগম হয় রেড রোডে৷ অনুষ্ঠানে উপস্থিত বিশাল জনসমাগমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যোগ আজ জাতীয় সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী এক গণআন্দোলনের রূপ নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগ দিবস উদযাপনের ছবি তুলে ধরে তিনি বলেন, “আজ বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দিবসের ছবি সামনে আসছে। যোগ দিবস এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব হয়ে উঠেছে।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, ২১ জুন তারিখটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। পৃথিবীর অনেক অঞ্চলে এটি বছরের দীর্ঘতম দিন। আন্তর্জাতিক যোগ দিবসের কারণে এই দিনটি এখন বিশ্বের বৃহত্তম সম্মিলিত উদযাপনের দিন হিসেবেও পরিচিতি পেয়েছে।

    মোদি বলেন, “পৃথিবীর অনেক অংশে ২১ জুন বছরের সবচেয়ে দীর্ঘ দিনের সাক্ষী থাকে। আন্তর্জাতিক যোগ দিবসের ফলে এই দিনটি এখন বিশ্বের সবচেয়ে বড় সম্মিলিত উদযাপনের দিন হয়ে উঠেছে।” যোগের মাধ্যমে মানুষে মানুষে সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “যোগ আমাদের একত্রিত করে। যোগ দিবস উপলক্ষে আমি সকলকে শুভেচ্ছা জানাই।”
  • Link to this news (News18 বাংলা)