বিজেপি কর্মীকে খুনের চেষ্টা ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল তৃণমূলের পুরপ্রধান। শুক্রবার রাতে রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাসকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রামের সাঁকরাইল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শিমুলিয়া গ্রামের বাসিন্দা ও তৃণমূল বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রীকে। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বিজেপি কর্মীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ১৭ এপ্রিল পঞ্চাননের নেতৃত্বে অস্ত্র-সহ কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে হানা দেয়। এরপর তাঁকে বাড়ি থেকে বার করে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। এরপর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বিজেপি কর্মী। রাজ্যে পালাবদল হতেই বাড়িতে এসে পঞ্চানন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শুক্রবার সাঁকরাইল থানায় অভিযোগ জানালে ওই দিন রাতেই পঞ্চানন ও রবীন্দ্ৰনাথকে গ্রেপ্তার করে পুলিশ। দু’জনের বিরুদ্ধেই খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।