জাপানের গোল সুনামি, ইউরোপ-আফ্রিকার দেশের সঙ্গে জোরালো টক্কর দিচ্ছেন সামুরাইরা
আজকাল | ২১ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: জাপান বনাম টিউনিশিয়ার ম্যাচটি শুরু থেকেই একতরফা রূপ নেয়। শুরু থেকেই ম্যাচের দখল নিয়ে নেয় জাপান। দিনান্তে জাপানের গোল সুনামি দেখল বিশ্বকাপ। বিশ্বফুটবলে এশিয়ার শক্তির সঙ্গে এঁটে উঠতে পারছে না ইউরোপ-আফ্রিকার দেশগুলো। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও জাপান ম্যাচ ড্র করেছিল। আর টিউনিশিয়ার বিরুদ্ধে জাপান দেখিয়ে দিল তাদের দেশের ফুটবল এগিয়ে গিয়েছে অনেক।
ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় জাপান। মাঝমাঠে বল পেয়ে দারুণ সমন্বয়ে আক্রমণ গড়ে তুলে গোল করেন কামাদা। শুরুতেই পিছিয়ে পড়ে টিউনিশিয়া। সেই ধাক্কা সামলাতে তাদের রক্ষণভাগ বেশ চাপে পড়ে যায়।
এরপরও জাপান থেমে থাকেনি। ৯ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিল তারা। তবে সেই যাত্রায় টিউনিসিশার গোলকিপারের দৃঢ়তায় সেই শট রুখে যায়। তবে চাপ অব্যাহত থাকে এবং অবশেষে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উয়েদা। মাঝমাঠ থেকে একটু ভিতরে পাওয়া বল ধরে দ্রুত প্রতি-আক্রমণে উঠে এসে বক্সের মাথা থেকে কোনাকুনি শটে তিনি বল জালে জড়িয়ে দেন। টিউনিশিয়ার ডিফেন্ডারদের ফাঁক দিয়ে বল চলে যায় লক্ষ্যে।
প্রথমার্ধের বাকি সময়েও জাপানের নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট। বিরতির সময় খেলার ফল ছিল ২–০।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে জাপান। ৬৯তম মিনিটে আবারও গোল পায় তারা। এবার গোল করেন ইটো। দ্রুতগতির আক্রমণ থেকে সুযোগ তৈরি করে তিনি ব্যবধান ৩–০ করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়।
ম্যাচ শেষের দিকে আরও চাপে পড়ে টিউনিশিয়া। ৮৩-তম মিনিটে আবারও আঘাত হানে জাপান। এবার দ্বিতীয় গোল করেন উয়েদা, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।
শেষ পর্যন্ত জাপানের দাপুটে পারফরম্যান্সে ম্যাচটি একতরফা হয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল, দ্রুত প্রতিআক্রমণ এবং কার্যকর ফিনিশিং, সব মিলিয়ে টিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয় তুলে নেয় জাপান।