• ইস্টবেঙ্গল সমর্থকদের দুঃখ দিয়ে কখনওই মোহনবাগানে নয়, অস্কার গেলেন তাই
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মিগুয়েল যেদিন ইস্টবেঙ্গল ছাড়লেন, সেদিনই জল্পনা শুরু হয়েছিল এবার তাহলে অস্কার ব্রুজোঁও যাবেন মোহনবাগানে।

    শনিবার অস্কার জানিয়ে দিলেন, তিনি আর ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কাজ চালাবেন না। অস্কারের এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, তবে কি মিগুয়েলের দেখাদেখি অস্কারও যাচ্ছেন মোহনবাগানে?

    কিন্তু সূত্রের খবর, অস্কার ইন্দোনেশিয়ার ক্লাব 'ভয়ঙ্করা'য় ইন্টারভিউ দিয়েছে। সূত্রের খবর তিনি চুক্তিতে সইও করে দিয়েছেন। মোহনবাগানে যাওয়ার কথা কিন্তু কোনও সময়তেই অস্কারের চিন্তায় চেতনায় ছিল না। কিন্তু মিগুয়েলকে কলকাতায় আনার পর তাঁকে মোহনবাগানে চলে যেতে দেখাটা স্প্যানিশ কোচের কাছে হৃদয়বিদারক ছিল। ঘনিষ্ঠমহলে অস্কার বলেছেন, ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি প্রবল শ্রদ্ধা করেন, তাঁদের হৃদয় দিয়ে ভালবাসেন। সেই কারণে তাঁর মাথায় কোনও সময়তেই ছিল না মোহনবাগানে যাওয়ার কথা। কলকাতা থেকে বহু দূরের কোনও ক্লাবকে তাই অস্কার বেছে নিয়েছেন। যদিও অস্কার নিজে এখনও তাঁর নতুন ঠিকানার কথা জানাননি। সূত্রের খবর অনুযায়ী স্প্যানিশ কোচের গন্তব্য ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করা।

    সোশ্যাল মিডিয়ায় বিদায়বার্তায় অস্কার লিখেছেন, “অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গলে আর কাজ করব না। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমার কেরিয়ারের এই পরবর্তী পর্যায়ের জন্য এটিই সঠিক সিদ্ধান্ত।

    আমরা একসঙ্গে যা গড়েছি, তার জন্য আমি গর্বিত। এএফসি আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ পর্যায়ে পৌঁছনো, ২২ বছরের অপেক্ষার পর আইএসএল শিরোপা জয় এবং দুটি মেজর কাপ ফাইনালে অংশগ্রহণ।

    এই সবকিছু সম্ভব হত না ক্লাবের ম্যানেজমেন্ট, খেলোয়াড়, স্টাফ এবং আপনাদের, আমাদের অসাধারণ আমাগো ফ্যানস ছাড়া, যারা পুরো মরশুম জুড়ে আমাদের পাশে ছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদ, ইস্টবেঙ্গল। আমার পরবর্তী অধ্যায় যথাসময়ে জানানো হবে।”
  • Link to this news (আজকাল)