• প্যারিসের 'গঙ্গে-সুর-সেন' উৎসবে নির্বাচিত সুদীপ্ত সেন প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আড়', কী বললেন পরিচালক
    eTV Bharat | ২১ জুন ২০২৬
  • কলকাতা, 20 জুন: আন্তর্জাতিক মঞ্চে আরও এক বড় স্বীকৃতি পেল ভারতীয় স্বাধীন চলচ্চিত্র। খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক সুদীপ্ত সেন প্রযোজিত, ভাবনাপ্রসূত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আড়' (AAD) প্যারিসের মর্যাদাপূর্ণ 'গঙ্গে-সুর-সেন' ফেস্টিভ্যাল-এ প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। ছবিটি এমন এক সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছে, যেখানে ধর্ম বা সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে নারীদের ব্যক্তিসত্তাকে প্রায়শই অস্বীকার করা হয় এবং তাদের মানুষ হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট পরিচয় বা বস্তুরূপে দেখা হয়। সমাজের আরোপিত পরিচয়ের স্তরের আড়ালে লুকিয়ে থাকে আত্মপ্রকাশ, স্বাধীনতা, মর্যাদা এবং মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার এক নীরব অথচ শক্তিশালী আকাঙ্ক্ষা।

    প্রতীকী দৃশ্যভাষা এবং সংলাপের সংযত ব্যবহারের মাধ্যমে ‘আড়’ মানুষের অন্তর্নিহিত সত্তা ও বাহ্যিক পরিচয়ের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরেছে। ছবির একটি পুনরাবৃত্ত প্রতীকী উপস্থাপনায় দেখা যায়, নারীদের মধ্যে সৌন্দর্য, স্বপ্ন, আবেগ এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও সমাজ তাঁদের প্রকৃত সত্তাকে দেখতে ব্যর্থ হয়। বরং একটি নির্দিষ্ট বাহ্যিক পরিচয়ের ভিত্তিতেই তাঁদের বিচার করে। ছবিটি কোনও সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করে না। বরং দর্শকদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়- আমরা কি সত্যিই একজন মানুষকে তাঁর নিজস্ব সত্তার জন্য দেখি, নাকি সমাজ ও ধর্মের আরোপিত পরিচয়ের মধ্য দিয়েই তাঁকে বিচার করি?

    ছবিটির আন্তর্জাতিক নির্বাচনের প্রসঙ্গে প্রযোজক সুদীপ্ত সেন বলেন, "'আড়' শুধুমাত্র নারীদের নিয়ে নির্মিত একটি ছবি নয়। এটি সেই বাস্তবতার প্রতিফলন, যেখানে সমাজ মানুষকে প্রায়শই কিছু নির্দিষ্ট পরিচয় ও বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। ছবিটির ভিজ্যুয়াল ভাষার মাধ্যমে আমরা দর্শকদের আরোপিত পরিচয়ের বাইরে গিয়ে মানুষের অন্তর্নিহিত সত্তাকে দেখার আহ্বান জানিয়েছি। প্যারিসের 'গঙ্গে-সুর-সেন' উৎসবে এই বার্তা আন্তর্জাতিকভাবে দর্শকদের কাছে পৌঁছবে, এটাই আমাদের কাছে বড় সম্মানের।"

    তিনি আরও বলেন, "গঙ্গে-সুর-সেন ফেস্টিভ্যালে 'আড়'-এর নির্বাচন আবারও প্রমাণ করল, পরিচয়, মানবিক মর্যাদা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির মতো সর্বজনীন বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রতি বিশ্বজুড়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। প্যারিসে প্রদর্শনের মাধ্যমে ছবিটি ব্যক্তি-স্বাধীনতা, দৃশ্যমানতা এবং সমাজের আরোপিত সীমারেখার বাইরে একজন মানুষকে দেখার অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে।"

    নির্মাতাদের মতে, শক্তিশালী ভিজ্যুয়াল ও গভীর ভাবনার মেলবন্ধনে তৈরি ‘আড়’ দেখার পরেও দর্শকদের মনে পরিচয় ও মানবিক অস্তিত্বের প্রশ্নকে দীর্ঘ সময় ধরে জাগিয়ে রাখবে।
  • Link to this news (eTV Bharat)