২১ জুন, রবিবার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। চলতি বছরের যোগ দিবসে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল কলকাতার রেড রোড। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি জেলায় পালিত হয়েছে যোগ দিবস। সরকারি উদ্যোগে বিভিন্ন স্টেডিয়াম, খেলার মাঠ ও নদীর পাড়ে যোগাভ্যাসের আয়োজন করা হয়েছিল এ দিন।
বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে যোগ দিবসের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক অনিশ দাসগুপ্ত এবং বিধায়ক নীলাদ্রি শেখর দানা। প্রায় এক হাজার মানুষ স্ক্রিনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখে যোগাভ্যাস করেন। অন্যদিকে, বিশ্বভারতী শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে এ দিন যোগাভ্যাস করেন।
হাওড়ায় লক্ষ্মীরতন শুক্লার LRS স্পোর্টস অ্যাকাডেমিতে এক বর্ণাঢ্য যোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে প্রায় ৫০০ জন এ দিনের অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে, বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউটে প্রায় ২০০ জন যোগ চর্চা করেন এ দিন।
হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইন্সের মাঠেও এ দিন যোগ দিবস পালিত হয়। এ ছাড়াও, চুঁচুড়ার বঙ্কিম নিবাস এবং হুগলি ইমামবাড়াতেও বহু সাধারণ মানুষ যোগাভ্যাসে অংশ নেন।
পূর্ব মেদিনীপুরেও পালিত হয়েছে যোগ দিবস। মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহিষাদল রাজবাড়ি ও রূপনারায়ণ নদীর পাড়ে এ দিন যোগ দিবসের অনুষ্ঠান হয়। অন্যদিকে, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দিঘার সৈকতে বসে যোগাভ্যাস করেন অনেকেই।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর কলেজ মাঠে আয়োজন করা হয়েছিল যোগ দিবসের বিশেষ কর্মসূচি। নদিয়ার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়াম, ঝাড়গ্রাম স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ এ দিন যোগাভ্যাসে অংশ নেন।
যোগ দিবস কর্মসূচিতে সামিল উত্তরবঙ্গও। এ দিন সকালে বালুরঘাট ইন্ডোর স্টেডিয়ামে পালিত হয়েছে যোগ দিবস। এ ছাড়াও, বালুরঘাট হাইস্কুলের মাঠে, বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে যোগ দিবস পালিত হয়েছে।
মালদাতেও মহাসমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এ দিন সকালে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল যোগ দিবসের। এ ছাড়াও, বৃন্দাবনী ময়দান, রেলওয়ের কালিন্দী ভবন, বিভিন্ন স্কুল-কলেজে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস।