এই সময়,আলিপুরদুয়ার: বীরপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে বীরপাড়া রেল গেটে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ ও দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং ইয়ার্ড হরিপুরে সরানোর সমীক্ষার কাজ শুরু হলো। শনিবার আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, বীরপাড়ার বিধায়ক লক্ষণ লিম্বু, ব্লক প্রশাসন ও রেল আধিকারিকদের যৌথ পরিদর্শনের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণ ও ডলোমাইট সাইডিং ইয়ার্ড সরানোর সমীক্ষার কাজ শুরু হয়।
এ দিন প্রথমে বীরপাড়ার লংকাপাড়া রোডের রেল গেটের দুই পাশের এলাকা ঘুরে দেখেন ওই প্রতিনিধিদলের সদস্যরা। পরে ডলোমাইট সাইডিংয়ের প্রস্তাবিত হরিপুর এলাকাটিও পরিদর্শন করেন তাঁরা। পরে মনোজ বলেন, ‘বুলডোজার নয়। ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থায়ী বাসিন্দাদের পুনর্বাসন দিয়েই বীরপাড়া রেল গেটে ফ্লাইওভার নির্মাণ হবে। ফ্লাইওভার নির্মাণ, ক্ষতিগ্রস্ত দোকানদার ও বাসিন্দাদের ক্ষতিপূরণের পুরো টাকাই দেবে কেন্দ্র সরকার। তাঁদের পূনর্বাসনের জায়গাও দেওয়া হবে। ফ্লাইওভারের জমির মাপজোখ–সহ ক্ষতিগ্রস্ত দোকানদার ও বাসিন্দাদের নামের তালিকা সংগ্রহের কাজও এদিন থেকে শুরু হয়েছে।’
বীরপাড়া শহরের লংকাপাড়া রোডে প্রস্তাবিত এই ফ্লাইওভার হবে ১১০০ মিটারের। এদিকে, দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং ইয়ার্ড সরাতে বীরপাড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে হরিপুরে আগে থেকেই একটি সরকারি খাস জমি চিহ্নিত করা হয়েছিল। এদিন যৌথ পরিদর্শনকারী দলটি ওই জমিও ঘুরে দেখে। ভুটান থেকে আসা ডলোমাইট বোঝাই লরির যাতায়াতের সুবিধার্থে বীরপাড়া থেকে হরিপুর যাওয়ার রাস্তাটি আরও চওড়া করা হবে। সাংসদ বলেন, ‘ফ্লাইওভার নির্মাণ ও ডলোামাইট সাইডিং ইয়ার্ড সরানোর কাজ শেষ হলেই আশা করছি বীরপাড়ার যানজট ও দূষণ বন্ধ হয়ে যাবে। সমীক্ষার কাজ শেষ হলেই ফ্লাইওভারের কাজও পুরোদমে শুরু হয়ে যাবে।’