• বৃষ্টিভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, লরির পেছনে ধাক্কা সরকারি বাসের, আশঙ্কাজনক বহু যাত্রী
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • বৃষ্টিভেজা পথে হঠাৎ মৃত্যু-ফাঁদ! বিকট শব্দে থমকে গেল সকাল ! বৃষ্টিভেজা সকাল, জানালার বাইরে ধু-ধু সবুজ আর হালকা ঠান্ডা আবহ ঠিক সেই দৃশ্য উপভোগ করতে করতেই পথ পেরোচ্ছিলেন যাত্রীরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সব আনন্দ ছিন্নভিন্ন! এক বিকট শব্দ, তারপরই আতঙ্ক আর আর্তনাদে ভরে ওঠে চারপাশ। রবিবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবরি এলাকায় ঘটে যায় এক দুর্ঘটনা।

    জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু মহিলা যাত্রী। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি সুন্দর সকাল কীভাবে মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হতে পারে, তারই উদাহরণ হয়ে রইল এই দুর্ঘটনা।

    ময়নাগুড়ি থানার আইসি সুবল সরকার বলেন মর্মান্তিক দুর্ঘটনা, অধিকাংশই মহিলা ছিলেন বাসের মধ্যে। তাদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রায় ২৩ জন যআহত হয়েছেন এবং বেশ কিছু মহিলার আশঙ্কাজনক অবস্থা বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)