• ছুটির সকালে শান্তিপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা, গাড়ি-স্কুটি মুখোমুখি সংঘর্ষে মৃত ১! গুরুতর আহত আরও
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • নদিয়ার শান্তিপুরে ভোরের নীরবতা ভেঙে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার ভোরে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর-কালনাঘাট রোডের ঢালাই মসজিদের সামনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আনুমানিক ভোর ৪টে নাগাদ একটি ব্যাটারি চালিত স্কুটিতে দুই যুবক নৃসিংহপুর-কালনাঘাট রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বড় গাড়ির সঙ্গে স্কুটিটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে অনুমান। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন।

    দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজিত বর্মণ, বাবা তপন বর্মণ। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকায়। অপরদিকে গুরুতর আহত অপর যুবককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়েছে। আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

    ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও দ্রুতগতির ভারী গাড়ির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং কোন গাড়ি এর জন্য দায়ী, তা এখনও স্পষ্ট নয়। যদিও স্থানীয় বাসিন্দাদের একে জানা গিয়েছে, এই এলাকায় এর আগেও একাধিকবার পথ দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সকালের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৃসিংহপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)