হায়দরাবাদের আউটার রিং রোডে বিলাসবহুল গাড়ি চালাচ্ছে এক নাবালক। ঘটনার একটি রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিল ওই নাবালক। ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ হায়দরাবাদ পুলিশের। ঘটনায় আটক করা হয়েছে ওই নাবালকের বাবাকে। একই সঙ্গে বিলাসবহুল গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় প্রশ্ন উঠছে পথ নিরাপত্তা এবং অভিভাবকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে।
পুলিশ সূত্রে খবর, ‘safecars_india’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, আনুমানিক ১২ বছরেরও কম বয়সি একটি কিশোর এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল স্পোর্টস কার চালাচ্ছে। ভিডিয়োতে গাড়িটির অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বরও দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়ো নজরে আসে পুলিশের। দ্রুত পদক্ষেপ করে রাজেন্দ্রনগর ট্র্যাফিক পুলিশ। গাড়িটি খুঁজে বের করে এবং ওই নাবালক ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে দু’জনকেই রাজেন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বিলাসবহুল ওই গাড়িটি MG Cyberster, যেটি ভারতের প্রথম অল-ইলেকট্রিক রোডস্টার। গাড়িটির দাম প্রায় ৭৫ লক্ষ টাকা দাম। এই গাড়ি মাত্র ৩.২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে।