• মমতার তৃণমূলকে আরও 'সংখ্যালঘু' করলেন মোশারফ!
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ কোণঠাসা কালীঘাটের তৃণমূল। মমতা-পন্থী শিবিরকে আরও সংখ্যালঘু করলেন মোশারফ হোসেন। দল কি আরও ভারী হল ঋতব্রতর? কারণ, রবিবার ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, সাফ জানিয়ে দিয়েছেন, 'ব্যক্তিগত' কারণে তিনি আর দলীয় পদে থাকতে চাইছেন না। তিনি দলকে সেটা জানিয়ে দিয়েছেন বলেও জানান। 

    ইটাহারের বিধায়ক বলেন, 'বর্তমান পরিস্থিতিতে একাধিক পরিস্থিতি হচ্ছে। কর্মীদের পাশে দাঁড়াতে পারছি না। এই পরিস্থিতিতে পদে থাকা আর না থাকায় কী যায় আসে।' সঙ্গেই মক্কা থেকে ফিরে সম্প্রতি তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন, সেই ব্যক্তিগত কারণের কথাও উল্লেখ করেছেন মোশারফ। এদিন তিনি নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দেন। 

    দলের টালমাটাল পরিস্থিতিতেও সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদে তাঁকে রেখেছিলেন মমতা। এই সংখ্যালঘু ভোটই তৃণমূলের তুরুপের তাস, এক সময় তা নিয়ে বাংলার রাজনীতিতে কম চর্চা হয়নি। তবে তাতেও যে ধস নেমেছে, আমুল বদলে গিয়েছে ছবিটা ক'বছরেই, স্পষ্ট তাও। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে  কালীঘাটকে আরও ভাবনায় ফেললেন ইটাহারের বিধায়ক, রাজনৈতিক মহলে আলোচনা তেমনটাই।

    তবে, দিনকয়েক ধরেই জল্পনা ছিল, মোশারফ কালীঘাট সংস্পর্শ থেকে কিছুটা দূরেই থাকছেন। শুক্রবার তাঁকে বিধাসভাতেও দেখা যায়নি। তারপরেই, বোমা ফাটালেন রবিবার। এই পরিস্থিতিতে জল্পনা, এবার কি মোশারফ তাহলে যাচ্ছেন ঋতব্রত গোষ্ঠীতেই? যদিও তাঁর মতে, আসলে সবাই তৃণমূলই। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, টিম-ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে তাঁর। সঙ্গেই ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। 

     
  • Link to this news (আজকাল)