• জলদাপাড়ায় গজরাজের যোগা, মুগ্ধ গোটা বিশ্ব!
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের তোড়জোড়। পশ্চিমবঙ্গ দিবস এবং যোগ দিবস উপলক্ষ্যে রাজ্যে দু'দিনের সফরে এসেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বর থেকেই শুরু হয় তাঁর বঙ্গ সফর। গতকাল রাত থেকেই যোগদিবস উপলক্ষ্যে সেজে ওঠে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাট। সেজে ওঠে রেড রোড। সোমবার সেই কার্নিভালে যোগ দেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এ দিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হয় বন্যপ্রাণীরাও। জলদাপাড়ায় কুনকি হাতিদের যোগ প্রদর্শনে মুগ্ধ আমজনতা। রবিবার সেই ভিডিয়ো বনদপ্তরের তরফে প্রকাশ করা হয় সেই ভিডিও।

    বনদপ্তরের ভিডিওতে দেখা গিয়েছে, জলদাপাড়ার জঙ্গলে একদিকে ম্যাট পেতে যোগাভ্যাস করছেন বনকর্মীরা। অন্য দিকে, নদীপথে জলের উপর দাঁড়িয়েও সঙ্গ দিচ্ছে ছ'টি কুনকি হাতি। শুঁড় তুলে 'যোগ গুরুর' মতো মানুষের সঙ্গে তালে তাল মেলাচ্ছে হাতির দল। আর এই চমকপ্রদ দৃশ্যই মন কেড়েছে সাধারণ মানুষের। বনকর্মী ও বনের আধিকারীদের সঙ্গে হাতির দলের এই যোগাভ্যাসে যোগদান যেন প্রকৃতি আর প্রাণের এক অপূর্ব মিলন।

    জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মূর্তি নদীর তীরেই আয়োজন করা হয় যোগাভ্যাস কর্মসূচির। এ দিন মাহুতদের নির্দেশে হাতিদের বিভিন্ন ভঙ্গিতে যোগাসন করতে দেখা যায়। তারা কখনও শুঁড় তুলে ভারসাম্য রক্ষা আবার কখনও শান্তভাবে ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে থাকে। যা মন ছুঁয়ে যায় সকলের।

    বন দফতরের এই বিরল উদ্যোগের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবও তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিও ও ছবি শেয়ার করেছেন। যা আরও তাৎপর্যপূর্ণ। বন দফতর জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু যোগব্যায়ামের প্রচার নয়। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতনতার প্রসার এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াও অন্যতম উদ্দেশ্য। জলদাপাড়ার ডিএফও-র সমাজমাধ্যমেও গজরাজের যোগাসনের ছবি পোস্ট করা হয়েছে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে মানুষ আর বন্যপ্রাণীর একযোগে যোগাভ্যাস যেন নতুন করে মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সহাবস্থানই ভবিষ্যতের লক্ষ্য।

    উল্লেখ্য, এ দিন রেডরোডের কার্নিভালে প্রধানমন্ত্রী বারবার মনে করিয়ে দেন যোগের উপকারিতার কথা। বলেন "কেবল একটি মাত্র দিনে নয়, দৈনন্দিনের অভ্যাসে যোগ উপকার ঘটায় শরীর ও মনের।" একই সুর রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেও।
  • Link to this news (আজকাল)