আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় নৌসেনার মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক যোগ দিবসে আরও বড় চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গার্ডেনরিচের এই বন্দরে যুদ্ধজাহাজ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ নৌসেনার আধিকারিকরা।
নৌসেনার তরফে জানানো হয়েছে, এই তিনটি যুদ্ধজাহাজ দেশীয় প্রযুক্তিতে তৈরি। যা ডিজাইন তৈরি করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজটি তৈরি করেছে। হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতা রয়েছে তিনটি যুদ্ধজাহাজের। আজই আন্দামানের দিকে রওনা দেবে আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয়। পাশাপাশি আইএনএস সংশোধকের উদ্বোধন হয়েছে আজ।
প্রধানমন্ত্রী এই তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধনের পর বলেছেন, "আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "জলপথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমি এই বাংলা। হুগলি নদীর ধারা ইতিহাস বদলাতে দেখেছে। নতুন অধ্যায়, বিকাশের নতুন যাত্রা দেখেছে। তাৎপর্যপূর্ণভাবে এই পোর্ট বাংলারই সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে।"