বিধানসভার সই-জাল কাণ্ডে গত কয়েকদিন ধরেই একাধিক নেতার বাড়িতে হানা দিয়েছে সিআই ডি। তদন্তকারী আধিকারিকেরা কখনও গিয়েছেন বেলেঘাটা, কখনও কালীঘাট। অভিষেকের বাড়ি থেকে মমতার বাড়ি সংলগ্ন অফিস, বাদ পড়েনি কোনও জায়গা। তল্লাশি চলছিল রেজলিউশন বুক-এর। শনিবার সেই তদন্তেই আধিকারিকেরা পৌঁছন, তৃণমূলের বর্ষীয়ান নেতা, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। মমতা ব্যানার্জি এবার বিরোধী দলনেতা হিসেবে তাঁর নামের পাশেই সিলমোহর দিয়েছিলেন।
জানা যায়, সেখানে গিয়েই একটি খাতা মিলেছে। সেটি কি আসল রেজলিউশন বুক? এবার কি তবে সব প্রশ্নের উত্তর মিলবে? জল্পনা তা নিয়েই। এই অবিস্থায় আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর মতে, তিনি নিজেই ডেকে পাঠিয়েছিলেন সিআইডিকে। রেজলিউশন বুক প্রসঙ্গে জিজ্ঞাসাকরা হলে, তিনি সাফ জানান, 'ওই খাতা আইনজীবীর কাছে ছিল। সেখান থেকেই ফেরত পাওয়ার পর, তিনি তুলে দিয়েছেন সিআইডি আধিকারিকদের হাতে।' যদিও তাতে ঠিক কী লেখা আছে, তা খোলসা করেননি বিধায়ক।