আজকাল ওয়েবডেস্ক: পথে রয়েছেন, রয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। একাধিকবার মনে করিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে আছেন। আবার দলের সঙ্কটে আছেন মমতার পাশে। রবিবাসরীয় সকালে কুণালের পোস্টে আবেগ, স্মৃতিচারণা! তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ প্রয়াশই পোস্ট করে থাকেন। রবিবার তিনি দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। ক্যাপশনেই কুণাল জানিয়েছেন, একটি ছবি ২০০৮ সালে, একটি ২০২৬ সালের। দ্বিতীয় ছবিটি অতি সম্প্রতির। হকার উচ্ছেদের প্রতিবাদে মমতা পথে নামেন বুধবার, সেদিন তাঁর পাশে ছিলেন কুণাল। দ্বিতীয় ছবিটি সেদিনেরই। কুণাল ক্যাপশনে আরও লিখেছেন, 'আঠারো বছর আগে-পরে। ২০০৮ এবং ২০২৬।' তারপরেই ঝড়-জলের বাদলা দিনে কুণাল লিখেছেন, 'ঝড়বৃষ্টি অনেক দেখেছি। আমি কিন্তু একই আছি।'
এর আগেও, বারবার তিনি জানিয়েছেন, দল নানা সময়ে তাঁর পাশে না থাকলেও, তিনি এই কঠিন সময়ে রয়েছেন দলের পাশেই। উল্লেখ্য, শনিবার ছিল কুণাল ঘোষের জন্মদিন। শনিবার কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে বৈঠকেও বসেছিল মমতা-পন্থী তৃণমূল। সেখানে দলের ওয়ার্কিং কমিটি, শৃঙ্খলারক্ষা কমিটি-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ফিরহাদ, অরূপ দূরত্ব বাড়িয়েছেন দলের সঙ্গে। দায়িত্ব দেওয়ার পরেও, বহু নেতা দল ছাড়ছেন। এই পরিস্থিতিতে প্রায় দিনই বদলে যাওয়া সমীকরণের সঙ্গে সঙ্গেই কমিটি নিয়েও ভাবতে হচ্ছে তৃণমূলকে। শনিবার সিদ্ধান্ত নেওয়া হয়, শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে। ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অসীমা পাত্র এবং শুভাশিস চক্রবর্তী থাকবেন ওই কমিটিতে।
শনিবার জন্মদিন ছিল কুণাল ঘোষের। সূত্রের খবর, শনিবার মমতার বাড়ির বৈঠকে কুণালের জন্মদিন পালনের কেক কাটা হয়। দিনকয়েক আগে সুমিত-ইস্যুতে কথা-কাটাকাটি হয়েছিল কুণাল-অভিষেকের। তবে, শনিবার কুণালের জন্মদিন পালনের সময় অভিষেক ছিলেন, তাঁকে কেক খাওয়ানো হয় বলেও খবর সুত্রের। তার পরের দিনেই, কুণাল সোশ্যাল মিডিয়ায় প্রায় দু'দশক আগের পরের সময়ের তুলনা করে লিখলেন, তিনি আছেন একই।