• ভোটে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কত খরচ করেছেন ঋতব্রত? ফাঁস করলেন কুণাল
    আজ তক | ২১ জুন ২০২৬
  • দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন উঠতেই এবার TMC-র ‘বহিষ্কৃত’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে  নিশানা করলেন কুণাল ঘোষ। ঋতব্রতর দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতাকে পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুড়লেন।

    শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।  নির্বাচনে ঋতব্রত মোট ২৬ লক্ষ ৮৬ হাজার ৩৬ টাকা খরচ করেছেন। এর মধ্যে ২৫ লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের HDFC অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল। এখন সেই দলের অ্যাকাউন্ট এবং দলের টাকার উৎস নিয়েই প্রশ্ন তুলছে তাঁরা।

    আসলে সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী বিধায়করা তৃণমূলের মোট ৩টি অ্যাকাউন্ট নিয়ে থানায় FIR দায়ের করেছেন। কিন্তু এক্ষেত্রে কুণাল ঘোষের দাবি, ঋতব্রত নিজেই যখন ওই দলীয় তহবিল থেকে ২৫ লক্ষ টাকা নির্বাচনী কাজে ব্যবহার করেছেন, তখন তাঁর উচিত অবিলম্বে সেই অর্থ দলকে ফিরিয়ে দেওয়া এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।

    বেলেঘাটার বিধায়ক বলেন, "যদি কোনও নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তাই আগে পদত্যাগ করে তারপর এ বিষয়ে কথা বলা উচিত।" তাঁর বক্তব্য, "ভোটে জিততে দলের টাকা ব্যবহার করলেন, আর জিতে গিয়ে এখন প্রশ্ন তুলছেন! এ কেমন দ্বিচারিতা?"

    অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদার প্রসঙ্গেও মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "যদি কেউ তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে যদি তিনি অন্য কোনও রাজনৈতিক পথ বেছে নিতে চান, তাহলে আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিন এবং নিজের নির্বাচনী শংসাপত্র ফেরত দিন।"


     
  • Link to this news (আজ তক)