• ‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগাসন দেখে হেসে খুন নেটিজেনরা
    প্রতিদিন | ২১ জুন ২০২৬
  • রাজনীতিতে পা রেখেই বিহারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন নীতীশ পুত্র নিশান্ত কুমার। যদিও তাঁর নিজের স্বাস্থ্য নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা কম নেই। কখনও বাবার গায়ে এলিয়ে পড়ে যাওয়া, তো কখনও চেয়ারে বসে ঢুলতে থাকা নিশান্তকে এবার দেখা গেল যোগ অনুশীলন করতে। যোগাসন রত স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ড হেসেই খুন নেটিজেনরা। কেউ বলছেন, ‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন।’ তো কারও কটাক্ষ, ‘যোগ করতে গিয়ে বিয়োগ না হয়ে যান।’

    বিশ্ব যোগদিবস উপলক্ষে রবিবার যোগাসনে মেতেছে গোটা দেশ। কন্যাকুমারী থেকে লাদাখ, অরুণাচলপ্রদেশ থেকে গুজরাট পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তের মানুষ যোগ দিয়েছেন এই উৎসবে। বঙ্গ সফরে এসে রেড রোডে যোগাসন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাদ ছিল না প্রতিবেশী রাজ্য বিহারও। সেখানে পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে সরকারি উদ্যোগে আয়োজিত হয়েছিল যোগ দিবস। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পাশে যোগাসন করছিলেন নিশান্ত।

    তবে আসন করতে গিয়ে বেহাল অবস্থা হয় নিশান্তের। এলোপাথাড়ি হাত-পা ছোড়া তো কখনও টাল খেয়ে পড়ে যাওয়ার জোগাড় হন নিশান্ত। ডান হাত তুলতে বলা হলে, তিনি বাঁ হাত তুলে বসেন। কোমর নিচের দিকে ঝোঁকাতে বললে ভ্যাবাচ্যাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। কখনও আবার বেসামাল হয়ে মুখ্যমন্ত্রীর আসনের উপর পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাঁর। আসন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এহেন কাণ্ড সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে ঠাট্টা করতে শুরু করেন নেটিজেনরা।

    সোশাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘ওনাকে আগে গ্লুকোজ খাওয়ানো হোক।’ অন্য একজন লিখেছেন, ‘উনি যোগ করে যোগাসনকে ধন্য করছেন।’ মজার ছলে একজন লিখেছেন, ‘উনি হলেন পুষ্পা, ঝুকেগা নেহি।’ কেউ বলছেন, ‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন।’ তো কারও কটাক্ষ, ‘যোগ করতে গিয়ে বিয়োগ না হয়ে যান।’ তবে নেটিজেনদের কটাক্ষকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিহারের স্বাস্থ্যমন্ত্রী। যোগাসন পর্ব কোনওমতে সারার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশান্ত বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, যোগাসনকে স্কুল ও কলেজের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। তবে বিষয়টা ঐচ্ছিকভাবে থাকবে। কেউ করতে চাইলে করবে, না চাইলে করবে না। এর জন্য নম্বরও থাকবে না।’
  • Link to this news (প্রতিদিন)