• নদীতে নেমে ভেসে যায় ভাই, বাঁচাতে গিয়ে মৃত্যু দিদিরও! স্ত্রীর পর এবার দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ যুবক
    প্রতিদিন | ২১ জুন ২০২৬
  • নদীতে পা ধুতে নেমেছিল ভাই। জলের তোড়ে ভেসে যায় সে! সেই দেখে কোনও কিছু না ভেবে ভাইকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল দিদিও। জলের তোড়ে সেও ভেসে যায়। তলিয়ে মৃত্যু হল দুই ভাই-বোনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা। গত সাতমাস আগে ওই যুবকের স্ত্রীরও মৃত্যু হয়। স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত কর্মকার। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ গোটা এলাকা।

    শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনির বাসিন্দা সুব্রত কর্মকার। মাস সাতেক আগে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। মেয়ে রিয়া ও ছেলে ঋষভকে নিয়েই ছিলেন ওই যুবক। ছেলেমেয়েদের যাবতীয় দেখভাল, দায়িত্ব ছিল তাঁর উপরেই। শনিবার অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছিলেন সুব্রত। এদিকে ষষ্ঠী উপলক্ষ্যে ভাইকে নিয়ে দিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছিল রিয়া। কাছেই দিদার বাড়ি যাওয়ার সময়ই ঘটে যায় মর্মান্তিক ওই দুর্ঘটনা। 

    উত্তরবঙ্গে দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। নদীগুলিতে জলস্তর বাড়ার পাশাপাশি স্রোতও রয়েছে। শিলিগুড়ির একাধিক এলাকাও বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে। শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে পঞ্চানন নদী। দিদি ও ভাই, দু’জন নদী এলাকা দিয়েই যাচ্ছিল দিদার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ঋষভের জুতোয় কাদা লেগেছিল। সেই কাদা পরিষ্কার করার জন্য নদীতে নেমেছিল। বর্ষার কারণে ওই পঞ্চানন নদীতেও জলের স্রোত রয়েছে যথেষ্ঠ। মুহূর্তে সেই জলেই ভেসে যায় ওই কিশোর। ছোট ভাইকে জলে ভেসে যেতে কোনও কিছু না ভেবে দিদিও জলে ঝাঁপ দিয়েছিল। নদীর জলে ভেসে যায় দিদিও! জলের তোড় এতটাই ছিল যে, ভাই-বোন তলিয়ে যায়।

    স্থানীয়রা দ্রুত নদীতে নেমে দুই ভাই-বোনকে উদ্ধার করে। দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। মৃতদেহ দুড়ি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন সুব্রত কর্মকার। দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। গত সাত মাস আগে তাঁর স্ত্রীও মারা গিয়েছিলেন। এবার ছেলেমেয়েরাও মারা গেল! গোটা পরিবারকে হারিয়ে কার্যত সম্পূর্ণ বিধ্বস্ত ওই যুবক। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
  • Link to this news (প্রতিদিন)