• জামাই ষষ্ঠীর রাতে খাসি-চুরি! চিৎকার আটকাতে মুখ ব্ল্যাক টেপ সাঁটায় শ্বাসরোধ, নতুনগ্রামে চরম আতঙ্ক
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • জামাই ষষ্ঠীর রাতেই কালনার নতুনগ্রামে ঘটল এক অভিনব ও নৃশংস চুরির ঘটনা। ছাগল চুরি করতে এসে পশুগুলির মুখে ব্ল্যাক টেপ আটকে দেয় দুষ্কৃতীরা, যাতে তারা চিৎকার করতে না পারে। কিন্তু সেই নিষ্ঠুরতার জেরেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় একটি ছাগলের। ঘটনাকে কেন্দ্র করে কালনা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চোরেরা একটি বাড়িতে ঢুকে ছাগল চুরির চেষ্টা করে। অভিযোগ, ছাগলগুলির ডাক বন্ধ করতে তিনটি ছাগলের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়। এরপর দুটি খাসি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে দীর্ঘ সময় মুখ বন্ধ অবস্থায় থাকায় একটি ছাগল শ্বাসরোধ হয়ে মারা যায়। এলাকার বাসিন্দা নিলুফা বিবি জানান, সকালে উঠে তাঁরা গোয়ালঘরে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।

    শুধু ছাগল চুরিই নয়, একই রাতে নতুনগ্রামের আরও দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা নূরনেসা বিবি জানান, অসুস্থতার কারণে তিনি সেদিন রাতে নিজের ঘরে না থেকে বৌমার ঘরে শুয়েছিলেন। সেই সুযোগে তাঁর ফাঁকা ঘরে ঢুকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা। পাশাপাশি গ্রামের আরও একটি বাড়ি থেকেও নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে।

    এক রাতেই পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় গোটা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কালনা থানার পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করেছে এবং চোরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

    উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চুরি ও চোর সন্দেহে হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সম্প্রতি এক ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার এবং দুই নাবালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল। নতুনগ্রামের এই ঘটনায় ছাগল চুরির পাশাপাশি একটি প্রাণীর মৃত্যুর ঘটনা এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দ্রুত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

    নবকুমার রায়
  • Link to this news (News18 বাংলা)