• টানা বৃষ্টিতে ব্রিজ ভেঙেছে, জঙ্গলও বন্ধ! ছুটি কাটাতে উত্তরবঙ্গ নয়, চলুন টেনসায়
    এই সময় | ২২ জুন ২০২৬
  • এই বৃষ্টিতে যদি পাহাড়ে যেতে মন চায়, কী করবেন? উত্তরবঙ্গের এখন যা পরিস্থিতি, তাতে জীবনের ঝুঁকি নিয়ে ঘুরতে যাওয়া যায় না। এ দিকে উত্তরাখন্ড কিংবা হিমাচল যাওয়ার মতো সময়ও এখন আপনার হাতে নেই। তা হলে কাছাকাছির মধ্যে পাহাড় আর কোথায় আছে? পাশের রাজ্য ওডিশায়। তবে ওডিশার কথা উঠলে বাঙালির মনে প্রথম পুরীর সমুদ্র উঁকি মারে। কিন্তু সেখানে এমন অফবিট জায়গা রয়েছে, যার নাম আগে আপনি কখনও শোনেননি। তেমনই একটি জায়গা হলো টেনসা।

    এটি প্রধানত একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র। খনি এলাকা বললেও ভুল হবে না। টেনসা খনি এলাকা হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে মূলত আদিবাসীরাই বসবাস করেন। চারিদিকে সবুজ পাহাড়, ঝরনা-ঘেরা সুন্দর এই জায়গায় চাইলে দু'-তিন দিন অনায়াসে কাটিয়ে আসা যায়। বহু পর্যটক রয়েছেন, যাঁরা স্থানীয় খাবারে স্বাদ নিতে চান। টেনসায় গেলে সেই সাধপূরণ হবে। ভোরের টেনসা যেমন সুন্দর, তেমনই মনোরম এখানকার গোধূলি। সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ি এই জায়গায় রঙের খেলা, ঘরেফেরা পাখিদের কলতান আর সন্ধের মুখে বাড়তে থাকা ঝিঁঝিঁ পোকার সিম্ফনি— সব মিলিয়ে অলসযাপনের অনবদ্য ঠিকানা হতে পারে এই জনপদ।

    টেনসার মূল আকর্ষণ হলো প্রজাপতি বাগান। এখানে এলে চোখের সামনে দেখা যাবে প্রজাপতিদের জীবনচক্র। গুটিপোকা থেকে কী ভাবে রঙিন প্রজাপতি হয়ে তারা ফুলে ফুলে উড়ে বেড়ায়, তা দেখতে দেখতেই সময় কেটে যাবে। কপাল ভালো থাকলে বিরল কোনও প্রজাতির সাক্ষাৎ-ও পেতে পারেন। ওই বাগানেই রয়েছে হরেক রকম ফুলের গাছ, দেখে চোখ জুড়িয়ে যাবে। কাছেই রয়েছে ওয়াচ টাওয়ার। পড়ন্ত বিকেলে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে সেখান থেকে গোটা উপত্যকার দৃশ্য ভোলার নয়। টেনসা নেচার ক্যাম্প থেকে সাধারণত বেরোতে ইচ্ছে করে না। তবে চাইলে একদিন ব্রাহ্মণী নদীতে নৌকাবিহার করে আসা যায়।

    নিজেদের গাড়ি থাকলে কিংবা ভাড়া করতে পারলে ভালো। না হলে এখানে সরাসরি আসার কোনও উপায় নেই। কলকাতা থেকে প্রথমে রৌরকেল্লা আসতে হবে। সেখান থেকে গাড়ি করে যেতে হবে টেনসা নেচার ক্যাম্প। ধর্মতলা থেকে নিত্যদিন রৌরকেল্লা যাওয়ার বাস ছাড়ে। না হলে ট্রেনেও পৌঁছতে পারেন।

    টেনসা মূলত খনি অঞ্চল। তাই জনবসতি খুবই কম। একমাত্র থাকার জায়গা টেনসা নেচার ক্যাম্প। আগে থেকে বুকিং না করলে সমস্যা হতে পারে। তবে রৌরকেল্লায় থাকার জন্য ছোট-বড় প্রচুর হোটেল রয়েছে।

  • Link to this news (এই সময়)