মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভদোদরা হাইওয়েতে বিএমডব্লিউ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের। গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁরা তিন জনেই গাড়িতে ছিলেন। গাড়িটিও দুমড়েমুচড়ে গিয়েছে।
রবিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ে সেটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে ও বিকেবা জাকাপ নামে দু’জনের। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে, কয়েক মিটার দূরে মৃতদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গাড়ির তৃতীয় যাত্রী আনন্দ গুরুতর আহত হয়েছেন এবং তিনি ঠাণের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মৃৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কথা বলে এবং গাড়িটি পরীক্ষা করে তারা জানতে পারে, ঘটনার সময়ে বিএমডব্লিউ-র গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। বদলাপুর থানার পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘মামলা রুজু হয়েছে। ঘটনাটি তদম্ত করে দেখা হচ্ছে।’ ঘটনাস্থলে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গাড়িতে থাকা তিন জন মত্ত ছিলেন কি না, তা-ও দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন জনেই একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন।