আরও তিন বছরের জন্য ভারতের সলিসিটর জেনারেল (Solicitor General) পদে পুনর্নিয়োগ করা হলো বর্ষীয়ান আইনজীবী, তুষার মেহতাকে। মোদী সরকারের আইনি রক্ষাকবচ হিসেবে এই বর্ষীয়ান আইনজীবীকে গত আট বছরে বারংবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল মামলা লড়তে দেখা গিয়েছে। শীর্ষ আদালতে আইনি লড়াইয়ের ক্ষেত্রে আরও একবার তাঁর উপরেই ভরসা রাখল কেন্দ্র। সম্প্রতি, কেন্দ্রের ‘অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট’ (ACC) তাঁর এই মেয়াদ বৃদ্ধিতে সিলমোহর দিয়েছে।
পার্সোনেল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের (DoPT) জারি করা ২০ জুনের নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে তুষার মেহতার এই নতুন মেয়াদ কার্যকর হবে। আগামী তিন বছর বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে তিনি দেশের সলিসিটর জেনারেলের দায়িত্ব সামলাচ্ছেন। এই পদে তিনি দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে রয়েছেন। ভারতের প্রথম সলিসিটর জেনারেল, চন্দ্রকিশন দাফতরী (C K Daphtary) পদে ছিলেন প্রায় ১৩ বছর ৩২ দিন। তিনিই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘ সময়ের সলিসিটর জেনারেল।
তুষার মেহতা যদি নতুন করে পাওয়া তিন বছরের মেয়াদ সম্পূর্ণ করেন, সেই ক্ষেত্রে তাঁর কার্যকালের মেয়াদ হবে প্রায় ১১ বছর। কাজেই তাঁর সামনে দাফতরীর রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে।
তুষার মেহতার পাশাপাশি সুপ্রিম কোর্টে কেন্দ্রের পাঁচজন অতিরিক্ত সলিসিটর জেনারেলের (ASG) মেয়াদও আরও তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় এবং কে এম নটরাজের নতুন মেয়াদ শুরু হবে। অন্যদিকে, এস ভি রাজু, এন বেঙ্কটরামন এবং ঐশ্বর্য ভাটির মেয়াদ কার্যকর হবে ৩০ জুন থেকে।
দেশের শীর্ষ আদালতের পাশাপাশি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল, বর্ষীয়ান আইনজীবী চেতন শর্মার মেয়াদও বাড়িয়েছে কেন্দ্র। তবে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে আরও ছয় মাসের জন্য, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।