এ বার হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের বাকসি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তার জন্য সোমবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ওই সেতু। বন্ধ থাকবে সমস্ত যান চলাচল। তবে সেতু বন্ধ থাকলেও মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিকল্প রাস্তা চালু থাকবে।
কোনও রকম বিপদ এড়াতে সেতুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য দিন কুড়ি আগে আবেদন করেছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সেই আবেদনের প্রেক্ষিতে পূর্ত (সড়ক) দপ্তর সোমবার থেকে সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করবে। আগামী পাঁচ দিন ধরে এই কাজ চলবে। অমিত বলেন, ‘সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করার পরে ইঞ্জিনিয়াররা যদি মনে করেন, সেতুটির সংস্কারের প্রয়োজন আছে, তাঁরা তার সংস্কার করবেন।’
বাগনান-কুলিয়া রাস্তায় শর্টকাট চ্যানেলের উপরে রয়েছে এই সেতু। এই রুটে বাস-অটো ছাড়াও পণ্যবাহী গাড়ি চলাচল করে। বাগনান ১ নম্বর ব্লকের বাকসি গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা এবং আমতা ২ নম্বর ব্লকের দীপাঞ্চলের ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েত এবং কাশমলি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক লোক এই পথে যাতায়াত করেন।