• বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী ইলা বাগচী। রবিবার গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত নেত্রীর পুত্র বধু অর্পিতা বিশ্বাসের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

    এই ঘটনায় পলাতক অভিযোগকারিণীর স্বামী রাহুল বাগচী ও শ্বশুর পিনাকী রঞ্জন বাগচী। জানা গিয়েছে, ২০২২ সালে ভালোবাসা করে রাহুল বাগচীর সাথে বিয়ে হয় অর্পিতার। অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে স্বামী রাহুল, শ্বশুর পিনাকী রঞ্জন ও শাশুড়ি ইলা বাগচী মানসিক ও শারীরিক অত্যাচার করত। একাধিক বার রান্নার সময় গ্যাসের পাইপ খুলে দিয়ে মারার চেষ্টা পর্যন্ত করা হয়। ২০২৩ সালে ৭ মার্চ অভিযুক্তরা জুতো দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় অর্পিতাকে। জানা গিয়েছে, এর পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি। গত ২৭ এপ্রিল রাস্তায় মায়ের সঙ্গে বের হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর চলতি মাসের ১৫ তারিখ রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলা বাগচী অর্পিতার গলা টিপে খুনের চেষ্টা করে। গত ১৮ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। আজ রবিবার ইলা বাগচীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)