সাড়ম্বরে বিশ্ব যোগা দিবস পালন টেকনো ইন্ডিয়া গ্রুপে!
আজকাল | ২২ জুন ২০২৬
মিল্টন সেন: সাড়ম্বরে 'বিশ্ব যোগা দিবস' পালন করা হবে গ্রুপের অন্তর্গত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। নির্ধারিত সময়ে পালন করা হবে। এই নির্দেশ দিয়েছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর তথা সিস্টার নিবেদিত বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী।
এই মর্মে আগেই নির্দেশনামা পৌঁছেছিল সংস্থার অন্তর্গত সমস্ত প্রতিষ্ঠানে। রবিবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হলো। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এবং স্পোর্টস এরিনা সর্বত্রই যোগা দিবস পালন করা হয়। অংশ গ্রহণ করেন সংস্থার কর্ণধার আধিকারিক থেকে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও খুদে পড়ুয়ারা সকলেই।
এদিন সংস্থার সিওও অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে নির্ধারিত সময়ে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা ইনডোরে যোগা দিবস পালন করা হয়। যোগ দিয়েছিলেন স্পোর্টস এরিনার আধিকারিক কর্মী থেকে খেলোয়াড় এবং সাধারণ মানুষ সকলেই। পাশাপাশি, অধ্যক্ষ দেবায়ন দত্তর উদ্যোগে যোগা দিবস পালন করা হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুঁচুড়ায়।
সেখানে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা আধিকারিক সকলেই। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালিত হয় চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলি কাদরি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। একইসঙ্গে পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবের তত্ত্বাবধানে চুঁচুড়া পুলিশ লাইনসের মাঠে যোগা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারীকরা।
রবিবার পুলিশ কমিশনার বলেছেন, "গত দশ দিন ধরে অনুশীলন করা হয়েছে। সবাই খুব আনন্দে যোগাভ্যাস করেছে। আমরা যদি সবার মধ্যে এই অভ্যাসটা তৈরী করতে পারি, তাহলে ভালো হবে। যোগার মাধ্যমে স্ট্রেস কমে। সুস্থ থাকা যায়। তাই যোগাভ্যাস দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন।"
এর পাশাপাশি, চুঁচুড়ায় বঙ্কিম নিবাস বন্দেমাতরম ভবনে পালিত হল যোগা দিবস। জাতীয় পতাকা উত্তলোনের পর যোগ দিবস পালন করা হয়। হুগলি ইমামবাড়ায় পালিত হয় বিশ্ব যোগ দিবস। সরকারি উদ্যোগে আয়োজিত যোগা শিবিরে ইমামবাড়ার ভিতরে উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারন মানুষও।