• রাজ্যে বজ্রাঘাতে মৃত একাধিক, পান্ডুয়ায় মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • বৃষ্টির জেরে বাজ পড়ে মৃত্যু হল রাজ্যের একাধিক ব্যক্তির। বজ্রাঘাতে মৃত্যু হল পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়ার বাপ্পা মুখার্জির (৪০)। আজ সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে তাঁর উপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছিল পান্ডুয়া এলাকায়। সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা মুখার্জি সকালের দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। সেই সময় আচমকা বাজ পড়ে তাঁর উপর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাজের আঘাতে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

    দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন বাপ্পা। অবিবাহিত বাপ্পা চার ভাইয়ের মধ্যে সবার ছোট। পড়াশোনায় অত্যন্ত মেধাবি ছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে পান্ডুয়া থানা ও পুলিশ মহলে। সহকর্মীরা জানিয়েছেন, কর্তব্যপরায়ণ ও মিশুকে স্বভাবের জন্য সকলের প্রিয় ছিলেন বাপ্পা।

    বাপ্পার দাদা সজল মুখার্জি বলেন, “ভাই মাঠে গরু আনতে গিয়েছিল। তখনই হঠাৎ বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে দেন। দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করত”। পান্ডুয়া থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    নদিয়াতেও বাজ পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত বছর চুয়াল্লিশের ছোটন দাস, তিনি হরিণঘাটার বাসিন্দা। নিজের বাড়িতে আজ দুপুরে নারকেল পাড়ার সময় বাজ পড়ে গুরুতর জখম হয় ছোটন। পরিবারের তরফে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে উদ্ধার করে নিয়ে এলেও বাঁচানও যায়নি। বাজ পড়ার বিকট শব্দে সামান্য আঘাত পান তার ভাইও।
  • Link to this news (News18 বাংলা)