• পার্ক সার্কাসে নামবদল, সোহরাওয়ার্দির বদলে গোপাল পাঁঠার নামে রাস্তা
    আজ তক | ২২ জুন ২০২৬
  • সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল। নতুন নাম 'গোপাল মুখোপাধ্যায় রোড'। কলকাতার পার্ক সার্কাস এলাকার রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম। সিদ্ধান্তকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর সময় এসেছে। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।

    সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেখেন, ইতিহাসের প্রকৃত নায়কদের সম্মান জানানো প্রয়োজন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতায় আসার পর ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে একাধিক পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।

    ইতিহাস বলছে, ১৯৩৩ সালে এই রাস্তার নামকরণ হয়েছিল সোহরাওয়ার্দি অ্যাভিনিউ। কলকাতা পুরনিগমের তৎকালীন সিদ্ধান্ত অনুযায়ী, পার্ক সার্কাস থেকে কাশিপাড়া লেন জংশন পর্যন্ত নির্মিত নতুন ১০০ ফুট চওড়া রাস্তার এই নাম রাখা হয়। ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রাস্তা তৈরির দায়িত্বে ছিল। সে সময় বলা হয়েছিল, ওই রাস্তাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দির বাসভবন ছিল।

    অন্যদিকে, গোপাল মুখোপাধ্যায়ের নাম দীর্ঘদিন ধরেই কলকাতার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অংশ। বিজেপির বক্তব্য, ১৯৪৬ সালের 'গ্রেট ক্যালকাটা কিলিং'-এর সময় হিন্দুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। কলেজ স্ট্রিট এলাকায় তাঁর পরিবারের পাঁঠার দোকান ছিল। সেই সূত্রেই তিনি 'গোপাল পাঁঠা' নামে পরিচিতি পান।

    গত বছর 'গ্রেট ক্যালকাটা কিলিং'-এ নিহতদের স্মরণে একটি পদযাত্রা করেছিল বিজেপি। তাতে অংশ নিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হাতে ছিল গোপাল মুখোপাধ্যায়ের ছবি। পরে আলিপুরে তাঁর মূর্তি উন্মোচনও করা হয়।

    এ বার রাস্তার নাম পরিবর্তন। বিশ্লেষকদের মতে, এটি শুধুই নাম বদল হিসাবে দেখলে ভুল হবে। এর মধ্যে এক রাজনৈতিক বার্তা জড়িয়ে রয়েছে। 
  • Link to this news (আজ তক)