প্রকাশ্যে রেলশহরে চলল এলোপাথারি গুলি। এই গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশ্ব যোগ দিবসের দিনে হঠাৎ গুলি চলল কেন? প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন সকলেই। তখনই সামনে আসে দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল খড়গপুর শহরে। সেই ছিনতাইয়ে বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা! আতঙ্ক ছড়িয়ে সেখান থেকে চম্পট দিল দুষ্কৃতীরা। মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, খড়গপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ওই এলাকাতেই থাকেন রাজকুমার সিং নামে এক ব্যক্তি। মাছ ব্যবসার সঙ্গে জড়িত বলেই পরিচিত। এদিন দিবালোকে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসার কর্মী। ওই টাকা তাঁর সংস্থার মালিকের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়ির সামনে পৌঁছেও ছিলেন ওই ব্যক্তি। ঠিক তখনই একটি মোটরবাইকে করে তিনজন দুষ্কৃতী সেখানে এসে রাজকুমার সিংকে ঘিরে ফেলে। তাঁদের মুখে কালো কাপড় ডাকা ছিল। তারপরই ওই ব্যক্তির কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে রেলশহরে। একদিকে বৃষ্টি অপরদিকে গুলির শব্দ আতঙ্ক তৈরি হয় রবিবাসরীয় ছুটির দিনে। আর তাই দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি উঠতে থাকে। পুলিশ তা করা হবে বলেও আশ্বাস দিয়েছে। আগে এমন দুষ্কৃতী হামলা ও শুটআউটের ঘটনা ঘটত। সেটা আবার এই শহরে শুরু হলো বলে অনেকের মত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
তাছাড়া ওই ব্যক্তি ও দুষ্কৃতীদের মধ্যে টাকাভর্তি ব্যাগ নিয়ে ঠানাটানি শুরু হয়েছিল। এক দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে নিতে ওই ব্যক্তিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। খড়গপুরের পাঁচ নম্বর ওয়ার্ড যথেষ্ট জনবহুল এবং ঘটনার সময় পথে লোকজন ছিল। দুষ্কৃতীদের দেখে রাস্তায় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছিলেন। ওই তিনজন দুষ্কৃতীকে ধরতে ঘিরে ফেলেছিলেন এলাকার বাসিন্দারা। তখন দুষ্কৃতীরা ব্যাগ ছিনতাই করার ক্ষেত্রে বাধা পায়। তখন সেখান থেকে বাঁচতে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। সুযোগ বুঝে দুষ্কৃতীরা মোটরবাইক চালিয়ে দ্রুত চম্পট দেয়। গুলিতে কেউ জখম হয়নি।