‘যারা কথা শোনে না, তাদের গুলির ভাষাতেই বোঝাতে হয়’, সন্ত্রাস-হিংসা নিয়ে হুঙ্কার যোগীর
প্রতিদিন | ২২ জুন ২০২৬
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। শনিবার একটি মঞ্চ থেকে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কোনওরকম হিংসা ও আইনভঙ্গ যে তাঁর সরকার মানবে না সেই বার্তা স্পষ্ট করে দিতে গিয়ে যোগী বলেন, “যো লোগ বোলি সে নেহি মানা, উও গোলি সে জরুর মান যাতে হ্যায়।’ অর্থাৎ যাঁরা কথা শোনেন না, তাঁদের গুলির ভাষাতেই বোঝাতে হয়। একইসঙ্গে রাজ্য যে দুর্নীতি, সন্ত্রাস ও হিংসার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে তা-ও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।
গোটা উত্তরপ্রদেশজুড়ে ৮৪ কোশি পরিক্রমা পথে ছ’টি আশ্রম নির্মাণ করা হয়েছে। রাজ্যে তীর্থ করতে আসা ভগবান রামের অনুগামীরা যাতে কোনওরকম সংকটে না পড়েন তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে পুণ্যার্থীদের জন্য খাদ্য-পানীয়-বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের পর্যটন শিল্পেও একই সঙ্গে জোর দিয়েছে প্রশাসন। তবে নিরাপত্তা কঠোর করাকেই যে পাখির চোখ করা হচ্ছে তা-ও জানিয়ে দিয়েছে যোগী-প্রশাসন।
উল্লেখ্য, শনিবার মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের দাতিয়ায় মা বগলামুখীর মন্দিরে প্রণাম করেন যোগী আদিত্যনাথ। বগলামুখী মন্দির ছাড়াও পিতাম্বর পীঠেও যান তিনি।